মাস্টারি বিডি ডটকম
ঢাকা। ১৬ ডিসেম্বর ২০১৬ । ০২ পৌষ ১৪২৩
নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ছয় বছর পর ওয়ানডে দলে ফিরলেন নিল ব্রুম। এছাড়া উইকেটরক্ষক বিজে ওয়াটলিং-এর পরিবর্তে দলে নেয়া হয়েছে লুক রঞ্চিকে। গত অক্টোবরে ভারত সিরিজের পর থেকে দলের বাইরে ছিলেন রঞ্চি।
২০১০ সালে হ্যামিল্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ব্রুম। এরপর সীমিত ওভারের দলে আর সুযোগ হয়নি তার। তবে ২০১৩ সালে নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন ৩৩ বছর বয়সী ব্রুম।
এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ২২টি ওয়ানডেতে ৩৩৩ রান করেছেন ব্রুম। তবে সম্প্রতি ঘরোয়া মৌসুমে ভাল পারফরমেন্স করায় আবারো ব্রুমকে দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
এদিকে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থ হওয়া ওয়াটলিং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন। তার জায়গায় দলে এসেছেন ৭৩টি ওয়ানডে খেলা রঞ্চি। ওয়াটলিং ছাড়াও আগের সিরিজের দল থেকে বাদ পড়েছেন টড অ্যাস্টল ও হেনরি নিকোলস।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নিল ব্রুম, লুকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।-বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম