Home / জাতীয় / জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি
11 7 26 2

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ | মাসস

ঢাকা মেডিকেল কলেজের কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এসময় শিক্ষার্থীদের উদ্দেশে শুভকামনা জানান প্রধানমন্ত্রী এবং নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন ডা. জুবাইদা রহমান।

শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ডিএমসি ডে-২০২৬’ এর উদ্বোধন শেষে তারা হোস্টেলটি পরিদর্শনে যান। মেডিকেল কলেজে অধ্যয়নকালে ডা. জুবাইদা রহমান এই হোস্টেলেই থাকতেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হোস্টেলের মূল ফটকে আগে থেকেই অপেক্ষায় ছিলেন শিক্ষার্থীরা। তারেক রহমান ও ডা. জুবাইদাকে কাছে পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দোয়া করি, আপনারা নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হোন। আগে যখন জুবাইদা রহমানকে মেডিকেলে নিয়ে আসতাম, তখন তাকে সামনের সিটে আমার পাশে বসিয়ে নিয়ে আসতাম। আজও আসার সময় তাকে বলেছি সামনের সিটে বসতে। পাশে বসিয়েই আপনাদের কাছে নিয়ে এসেছি।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, আজ অনেক স্মৃতি মনে পড়ছে। এই ক্যাম্পাসে আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেকটা সময় কেটেছে। সেই দিনগুলোর কথা আজ খুব মনে পড়ছে। জীবনে নানা প্রতিকূলতা এলেও ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ঢাকা মেডিকেল কলেজকে এমন উচ্চতায় নিয়ে যেতে হবে, যাতে দেশের পাশাপাশি বিশ্বও এখানকার চিকিৎসাসেবার উৎকর্ষ সম্পর্কে জানতে পারে।

পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে স্মৃতিচারণমূলক ছবি ও সেলফি তোলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 8 2026 11111111111

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল

বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ । মাসস বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে …