
মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন ডেস্ক | ঢাকা | ২২ জুন ২০১৯ | ০৮ আষাঢ় ১৪২৬
প্রায় পাঁচ বছর পর সিনেমায় ফিরলেন ছোট পর্দার এই অভিনেত্রী। চলচ্চিত্রের নাম ‘আমার মা’। পরিচালক শাহরিয়ার নাজিম জয়। এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হোমায়রা হিমু।

ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, এর গল্প খুব সুন্দর। এতে আমার চরিত্রটিও দারুণ। পারিবারিক গল্প নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। এতে আমি একজন এতিম মেয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটিতে অভিনয় দেখানোর সুযোগ আছে। প্রযোজনা সূত্রে জেনেছি কারিগরি কিছু কাজের পর দ্রুতই ছবিটি মুক্তি পাবে।
প্রসঙ্গত, হিমুকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০১৪ সালে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘এক কাপ চা’।

ছবিটি পরিচালনা করেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। সেই সময় এই ছবিতে তার চরিত্রটি দর্শকের কাছে প্রশংসিত হয়। এর আগে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ নামের একটি ছবিতে অভিনয় করেন হিমু।

চলচ্চিত্রে এত কম কাজ প্রসঙ্গে হিমু বলেন, আমি চলচ্চিত্রে অভিনয় করতে চাই। কিন্তু আমি জানি না চলচ্চিত্রের নির্মাতারা কেন আমাকে ডাকেন না! আর আমি নিজেও আমাকে চলচ্চিত্রে কাজ করানোর জন্য কারো কাছে বলে বেড়াই না । হয়তো এই কারণে চলচ্চিত্রের মানুষদের সঙ্গে আমার দূরত্ব রয়েছে। ভালো গল্প ও চরিত্র পেলে আমি বড় পর্দায় নিজেকে নিয়মিত ব্যস্ত রাখতে চাই।

বর্তমানে বেশ ব্যস্ত সময়ও পার করছেন হিমু। তার অভিনীত পাঁচটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম