মাস্টারি বিডি । তুষার
বিনোদন বিভাগ । ১৭ ডিসেম্বর ২০১৮ । ০৩ পৌষ ১৪২৫
জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের জন্মদিন আজ। প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনী রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাবনূর।
নব্বইয়ের দশকে জনপ্রিয়তার তুঙ্গে থাকা প্রয়াত নায়ক সালমান শাহ’র সঙ্গে জুটি বেঁধে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। শাবনূর-সালমান শাহ জুটি বেঁধে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন- যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল।
সালমানের অকাল মৃত্যুতে সাময়িকভাবে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তার চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারণ অভিনয় ক্ষমতা তাকে দর্শকদের হৃদয়ে শক্ত আসন গড়তে সাহায্য করে।
পরে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খান-এর সাথে জনপ্রিয় জুটি গড়ে অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি উপহার দেন।
তিনি ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নুপুর।

শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে ১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।
বাংলা চলচ্চিত্রের তারকা অভিনেত্রী শাবনূর ‘তুমি আমার’, ‘স্বপ্নের ঠিকানা, ‘স্বপ্নের পৃথিবী, ‘তোমাকে চাই, ‘আনন্দ অশ্রু, ‘মন মানেনা, ‘তুমি শুধু তুমি, ভালবাসি তোমাকে, বিয়ের ফুল, ভালবাসি তোমাকে, নারীর মন, এ মন চায় যে, এ বাঁধন যাবেনা ছিঁড়ে, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, ফুল নেবে না অশ্রু নেবে, শ্বশুরবাড়ী জিন্দাবাদ, প্রেমের তাজমহল, স্বপ্নের বাসর, সুন্দরী বধূ, হৃদয়ের বন্ধন, স্বামী স্ত্রীর যুদ্ধ, মিলন হবে কত দিনে, ভালবাসা কারে কয়, ও প্রিয়া তুমি কোথায়, সবার উপরে প্রেম, মাটির ফুল, দুই বধূ এক স্বামী, প্রাণের মানুষ, বউ শাশুড়ীর যুদ্ধ, স্বপ্নের ভালবাসা, নয়ন ভরা জল, অন্য মানুষ, ব্যাচেলর, ফুলের মত বউ, যত প্রেম তত জ্বালা, তোমার জন্য পাগল, ফুলের মত বউ, মোল্লা বাড়ীর বউ, দুই নয়নের আলো, আমার স্বপ্ন তুমি, নিরন্তর, ভালবাসা ভালবাসা, আমার প্রাণের স্বামী, ১ টাকার বউ, তুমি আমার স্বামী, এবাদত, মন বসে না পড়ার টেবিলে, বলবো কথা বাসর ঘরে’সহ বহু ব্যবসাসফল ছবিতে অভিনয় করেন।

বর্তমানে তিনিও স্বামী অনিক মাহমুদ এবং ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন।
মাস্টারি বিডি’র পক্ষ থেকে অত্যন্ত জনপ্রিয় এ চিত্রনায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম