মাস্টারি বিডি ডটকম ।
ভোলা । ২৬ অক্টোবর ২০১৭ । ১১ কার্তিক ১৪২৪
প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা ভোলা ক্রমশই শিল্পায়নের দিকে এগুচ্ছে। গ্যাসসমৃদ্ধ দক্ষিণের এই জেলায় গত সোমবার নতুন একটি গ্যাসকূপ সন্ধানের খবরে এর চাহিদা যেন আরো বৃদ্ধি পেয়েছে। গ্যাস ভিত্তিক শিল্পায়নের মাধ্যমে এখানে উচ্চ পর্যায়ের অর্থনৈতিক গতি সঞ্চারিত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া মহাজোট সরকারের পরিকল্পিত নানা উন্নয়নে অনগ্রসর ও পিছিয়ে পড়া জেলা থেকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলার পথে এগিয়ে চলছে। গড়ে উঠেছে মাঝারি, ক্ষুদ্র ও বৃহৎ আকারের বিভিন্ন শিল্প-কলকারখানা।
দেশের অন্যতম বেসরকারি শিল্প প্রতিষ্ঠান শেলটেক গ্রুপ অব কম্পানি উপজেলা সদরে সিরামিকস উৎপাদনের কারখানা স্থাপনে কাজ করছে। এখান থেকে উৎপাদিত টাইলস, বাথরুম ফিটিংসসহ বিভিন্ন সিরামিকস পন্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করা হবে। কার্যক্রম চলছে কাজী ফার্ম, সুন্দরবন গ্যাস কম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের। চালু হয়েছে কোল্ড স্টোরেজ, স্বয়ংক্রিয় মেশিনের বেশ কয়েকটি অটো রাইস মিল। বিসিক শিল্প নগরীতে চলছে ফিড, প্লাস্টিক কারখানা, পাইপ তৈরি, আলকাতরা, টাইলস, মবিল, জুতো ইত্যাদির কারখানা। একইসাথে যমুনা গ্রুপ, পারটেক্স গ্রুপ, প্রাণ, বসুন্ধরা, আবুল খায়ের, আরএফএলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্প উদ্যেক্তারা ভোলায় শিল্পায়নের জন্য আগ্রহ দেখাচ্ছে।
ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মমিন টুলু সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের একান্ত প্রচেষ্টায় ভোলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে। এখানকার বিপুল পরিমাণ গ্যাসকে কাজে লাগিয়ে শিল্পায়ন করা সম্ভব। ইতোমধ্যে অনেক উদ্যেক্তারা বিনিয়োগ শুরু করেছেন। ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণের সম্ভাব্যতা যাছাই’র কাজও চলছে। এই সেতুটি নির্মিত হলে ভোলা আর বিচ্ছিন্ন জেলা থাকবেনা। সদরে খেয়াঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় সরকারিভাবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ২০৮ একর জমি অধিগ্রহনের কাজ চলছে বলে জানান তিনি।

মূলত গ্যাসসমৃদ্ধ জেলায় প্রচুর গ্যাসের মজুত থাকায় গ্যাসভিত্তিক শিল্পায়নের বিষয়টি মাথায় রেখেই উদ্যোক্তারা জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। আর আবিষ্কৃত নতুন গ্যাসকূপ শাহবাজপুর ইষ্ট-১ খেকে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোট ৫টি কূপে বর্তমানে এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আছে বলে ধারণা করা যাচ্ছে। অনেকেই জমি কিনতে চাচ্ছেন এই জেলায়। তাই সাম্প্রতিক সময়ে জমির দামও বৃদ্ধি পেয়েছে এখানে।
জেলা প্রশাসক মোঃ সেলিমউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, পায়রা বন্দর-পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ায় ও ভোলা-বরিশাল সংযোগ সেতু হওয়ার সম্ভাবনার কারণে জেলায় শিল্পায়নের একটি পরিবেশ তৈরি হয়েছে। গ্যাসের অতিরিক্ত রিজার্ভটা জানার পরে আরো বেশি পরিমাণ শিল্প উদ্যেক্তারা এখানে আসবেন। প্রশাসনের পক্ষ থেকে উদ্যেক্তাদের জমি অধিগ্রহনসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেয়া হচ্ছে। যাতে তাদের কোন জটিলতা বা ভোগান্তি পোহাতে না হয়।
ভোলা স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারন সম্পাদক অমিতাভ অপু বলেন, জেলায় গ্যাসভিত্তিক ২২৫ মেগাওায়াট একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। যা থেকে স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আরো ১টি ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে জেলায় দৈনিক সাড়ে ৫’শ মেগাওায়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। যা দিয়ে এখানে ব্যাপকহারে শিল্পায়ন করা যাবে। দেশের খ্যাতনামা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান জেলায় জমি অধিগ্রহনের কাজ চালাচ্ছে বলেও জানান তিনি। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম