Home / আন্তর্জাতিক / মৃত্যুদণ্ডে স্থগিতাদেশের প্রস্তাব পাস জাতিসংঘে, বিপক্ষে পাকিস্তানসহ ৩৩ দেশ
1411261 484

মৃত্যুদণ্ডে স্থগিতাদেশের প্রস্তাব পাস জাতিসংঘে, বিপক্ষে পাকিস্তানসহ ৩৩ দেশ

১৫ নভেম্বর ২০২৬ মাসস

মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ৩৩টি দেশ। আর ভোটদানে বিরত ছিল ১৬টি দেশ।

শুক্রবার মেক্সিকোর উত্থাপিত প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে গৃহীত হয়। বিপক্ষে ভোট দেওয়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইরান, ইরাক, সৌদি আরব ও জাপান।

প্রস্তাবে মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ড বিলুপ্তির লক্ষ্যে সব দেশকে এ শাস্তি কার্যকরের ওপর স্থগিতাদেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ, মৃত্যুদণ্ডের রায় থাকলেও তা কার্যকর করা থেকে আপাতত বিরত থাকার কথা বলা হয়েছে।

যেসব দেশ ইতিমধ্যে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করেছে, তাদের আবারও এ শাস্তি চালু না করার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মৃত্যুদণ্ডের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে ১৮ বছরের কম বয়সে অপরাধ করা ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়া, অন্তঃসত্ত্বা নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এ শাস্তির ব্যবহার সীমিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি যেসব অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া যায়, সেসবের সংখ্যা কমানো এবং বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান বাতিলের আহ্বান জানানো হয়েছে।

তবে প্রস্তাবটি পাস হলেও এটি সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলক নয়। আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজস্ব বিচারব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকার প্রতিটি দেশের রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে, পিটিআই।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

771126222

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বর ২০২৬ মাসস গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিকসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন …