Home / উন্নয়ন / সড়ক-সেতুর অভাবে যে গ্রামে বিয়েতেও অনাগ্রহ অন্য এলাকার মানুষের
26 5 25 111

সড়ক-সেতুর অভাবে যে গ্রামে বিয়েতেও অনাগ্রহ অন্য এলাকার মানুষের

ঢাকা, মঙ্গলবার ২৬ মে ২০২৬ মাসস

রাস্তার কারণে এই গ্রামে বিয়ে-শাদী করতেও অনাগ্রহ অন্য এলাকার মানুষের। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাঁনপাড়া গ্রামে। একটি ব্রিজের অভাব আর রাস্তা পাকা না হওয়াই এখন এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটু বৃষ্টি হলেই কাদামাটিতে অচল হয়ে পড়ে পুরো পথ। দুর্ভোগ আর অনিশ্চয়তা নিয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।

চাঁনপাড়া গ্রাম এলাকার এই রাস্তাটি যেন দুর্ভোগের আরেক নাম। বর্ষা মৌসুমে মাঝপথের খালে পানি উঠলে নৌকা দিয়ে পারাপার হতে হয়। যান্ত্রিক যানবাহন চলাচল করতে না পারায় ঘোড়ার গাড়ি কিংবা পায়ে হেঁটেই গন্তব্যে যেতে হয় স্থানীয়দের। কাঁচা রাস্তার কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

রাস্তাটির বেহাল অবস্থার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও রোগীরা। কষ্ট করেই বিদ্যালয়ে যেতে হয় শিশুদের। আবার অসুস্থ রোগীদের চিকিৎসা নিতে গিয়ে পোহাতে হয় চরম দুর্ভোগ। স্থানীয়রা জানান, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা রাস্তা ও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। তবে নির্বাচন শেষ হলে ধোঁয়াশায় থেকে যায় সেই আশ্বাস।

জনসাধারণের দাবির প্রেক্ষিতে রাস্তাটির বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে দিন দিন বাড়ছে স্থানীয়দের ক্ষোভ ও হতাশা।

তবে জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।

দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত ব্রিজ নির্মাণ ও রাস্তাগুলো পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, এবার অন্তত বহু বছরের সেই অপেক্ষার অবসান ঘটবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

22 5 2026 2222

হাম কেড়ে নিল আরো ১১ শিশুর প্রাণ

ঢাকা, শুক্রবার ২২ মে ২০২৬ মাসস হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ শিশু …