
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ১৮ জুলাই ২০১৮ । ০৩ শ্রাবণ ১৪২৫
‘সুলতান: দ্য স্যাভিয়ার’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে৷ আগামী শুক্রবার (২০ জুলাই) থেকে মহাসমারোহে চলবে ছবিটি।
ছবিতে অভিনয় করেছেন জিৎ, মিম, প্রিয়াঙ্কা সরকার, তাসকিন রহমান, আমান রেজা, মুকুল দেব প্রমুখ। পরিচালক রাজা চন্দ। প্রযোজনা করেছে জিৎ’স ফিল্মস ওয়ার্কস ও সুরিন্দর ফিল্মস।
ঈদ উপলক্ষে গত জুন মাসে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় ছবিটি।

‘সুলতান: দ্য স্যাভিয়ার’ ছবির গল্প প্রসঙ্গে কলকাতার এ সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক জিৎ জানিয়েছেন, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ ছবিতে তাঁর চরিত্রে কয়েকটি স্তর আছে। একটা জিৎ ভালো। নাম রাজা দত্ত। ট্যাক্সি ড্রাইভার। অন্য জিৎ পুরোপুরি মাতাল। টাকা ছাড়া কিছুই বোঝে না। এই দুটি চরিত্রের মধ্যে একটি যোগসূত্র আছে। সেটাই ছবির গল্পের রহস্য।
ছবিতে বাংলাদেশের মিমের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বললেন, ‘মিমের সঙ্গে এটা আমার প্রথম ছবি। ও যথেষ্ট ভালো অভিনেত্রী। বাংলাদেশে তো বেশ জনপ্রিয়। মিম এককথায় মিষ্টি মেয়ে।’

বাংলাদেশে ‘সুলতান’ মুক্তির ব্যাপারে জিৎ টুইটারে লিখেছেন, ‘বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আগামী শুক্রবার ২০ জুলাই “সুলতান: দ্য স্যাভিয়ার” ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশে৷ সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন। আর কেমন লেগেছে, তা অবশ্যই আমাকে জানাবেন।’
ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে মিম বলেন, ‘কলকাতায় ভালো সাড়া পেয়েছি। আশা করছি বাংলাদেশের দর্শকও ছবিটি দেখবেন।’
প্রসঙ্গত, তামিল ছবি ‘ভেদালাম’-এর রিমেক ‘সুলতান: দ্য স্যাভিয়ার’। দক্ষিণের এই ছবিতে সুলতানের চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় নায়ক শিবা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম