Home / সাহিত্য / কবিতা / কানিজ পারিজাত-এর একগুচ্ছ কবিতা
kanijparijatpoetmbd

কানিজ পারিজাত-এর একগুচ্ছ কবিতা

 

সন্ন্যাস

গৃহে রই- তবু যেন গৃহে নই;
জলে ডুবেও যেন তৃষ্ণার্ত হই;
ঘুমের ঘোর- তবু ঘুমহীন রই;
কোলাহল নয়- যেন নির্বাসন চাই।

ভরা পূর্ণিমায় কেন আঁধার খুঁজে ফিরি?
পথের শেষেও কেন পথ খুঁজে মরি?
পূর্ণ জীবন কেন অপূর্ণ লাগে?
প্রেম নয় কেন দহন ভাল লাগে?

 

ইচ্ছেপূরণ

তোমায় একবার ছুঁয়ে দেখতে চাই;
তুমি থাকো অমৃতসাগরের ঐ পারে;
কী করে তোমার কাছে যাই বলোতো?
আমি যে সাঁতার জানি না…
সুপ্রিয়, সত্যিই যদি অমৃতসাগর পাড়ি দেই!
চেনা পৃথিবীর সকল মোহ ও গ্লানি ভুলে;
কোনও এক ঘোরলাগা সন্ধ্যায়;
এক অদ্ভুত মায়াবী আলোয়;
অমৃতজলে ডুবে ডুবে ভিজে ভিজে;
যদি সত্যিই যাই তোমার কাছে?
তবে, সে মহাক্ষণে অপার্থিব জগতের
সকল কোলাহল থামিয়ে দিয়ে
মুখোমুখি বিমুগ্ধ শুধু আমরা দু’জন-
তুমি আর আমি; আমি আর তুমি-
তোমায় তখন ছুঁয়ে দেখবো না প্রিয়
শুধু রইব অপলক নীরবে চেয়ে-
মহাক্ষণে কাউকে যে ছুঁয়ে দেখতে নেই ।

 

ত্রাহি

শুনছ- কেমন ডাকছি তোমায়
ডাকছি তোমায় সরব সত্ত্বায়
ডাকছি তোমায় মগ্ন চেতনায়
ডাকছি তোমায় হু হু তৃষ্ণায়
ডাকছি- এক অপূর্ব মোহমায়ায় ।

হৃদয়ের প্রতিটি স্পন্দনে ডাকছি
বিষণ্ণ বেদনার নীরব আর্তনাদে ডাকছি
ঘন আঁধারে ডুবে যেতে যেতে ডাকছি
অসীম শূন্যতার তীব্র হাহাকারে ডাকছি।

তোমায় ডাকছি– তুমি এসো
সময়ের আবর্ত পেরিয়ে এসো
মহাপ্রলয়ের মহাক্ষণে এসো
প্রাণেতে প্রাণ মিলাতে এসো
মনেতে মন ছোঁয়াতে এসো
তোমায় ডাকছি– তুমি এসো ।

 

আকাঙ্ক্ষা

সকালের মিষ্টি রোদ ছুঁয়ে দেয় তোমার চোখ;
মিষ্টি রোদ বড়ো ভাগ্যবান!
দখিনা বাতাস এলোমেলো করে তোমার চুল;
দখিনা বাতাস বড়ো ভাগ্যবান!
পাহাড়ি ঝরনা অচেনা সুর হয়ে বাজে তোমার কানে;
পাহাড়ি ঝরনা বড়ো ভাগ্যবান!
বৃষ্টির ফোঁটা টুপটাপ ঝরে পড়ে তোমার গায়ে;
বৃষ্টির ফোঁটা বড়ো ভাগ্যবান!
সাগরের ঢেউ নীরবে চুমু খায় তোমার পায়ে;
সাগরের ঢেউ বড়ো ভাগ্যবান!
রাতে ফোটা কামিনী মিষ্টি ঘ্রাণ হয়ে মাতায় তোমার মন;
রাতের কামিনী বড়ো ভাগ্যবান!

একবার মিষ্টি রোদ হতে চাই;
একবার দখিনা বাতাস হতে চাই;
একবার পাহাড়ি ঝরনা হতে চাই;
একবার বৃষ্টির ফোঁটা হতে চাই;
একবার সাগরের ঢেউ হতে চাই;
একবার রাতের কামিনী হতে চাই;
আমি, একবার ভাগ্যবান হতে চাই-
একবার তোমায় ছুঁয়ে আসতে চাই!

 

দ্রোহী

বন্ধু জেনো- যাবো চলে;
নিঃশব্দে দু’পা ফেলে;
অন্তহীন বেদন-কালে;
দহন শেষে দ্রোহী হয়ে ।

এমনি কোনো ঝড়ের রাতে;
শনশনানো বাতাস হয়ে-
তোমার ঘরের আগল ভেঙে;
বিষাদ মেঘের কান্নাজলে-
তোমায় খানিক ভিজিয়ে দিয়ে-
বন্ধু জেনো- যাবো চলে;
তোমায় ফেলে- তোমায় ভুলে;
বাহির পানে দু’চোখ মেলে;
দহন শেষে দ্রোহী হয়ে ।

 

কানিজ পারিজাত :
জন্ম ফরিদপুরে; বিবিএস (তথ্য) ক্যাডারে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ বেতার, ঢাকায় চাকরি করছেন।

 

মাস্টারি বিডি ডটকম । ঢাকা । ২৯ নভেম্বর ২০১৬ । ১৫ অগ্রহায়ণ ১৪২৩

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

RABBI

তোমার কাছে ভালো হবো কিরাম করে এবং অতঃপর

মাস্টারি বিডি | শান্তা ইসলাম ফিচার | ১৯ আগস্ট ২০২৩ | ৪ ভাদ্র ১৪৩০ HM Voice (হেড মাস্টার ভয়েস) এ সবশেষ প্রকাশিত গান …

Leave a Reply

Your email address will not be published.