মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২১ নভেম্বর ২০১৬ । ০৭ অগ্রহায়ণ ১৪২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সশস্ত্র বাহিনী দিবস-২০১৬ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী আজ সোমবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে (শিখা চিরন্তন) পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
সেনা, নৌ এবং বিমান বাহিনীর একটি চৌকষ দল এসময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা (প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দ্বায়িত্ব পালন করছেন) শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। সংবাদ বাসস-এর।
এর আগে, প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নিজামউদ্দিন আহমদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের(এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান তাঁকে অভ্যর্থনা জানান।
পুষ্পস্তবক অর্পণের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) যান। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি এএফডি পৌঁছলে এএফডি’র ডাইরেক্টরস জেনারেলগণ এবং পিএসও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের এইদিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমস্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়। এরপর এ বাহিনী দখলদার পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করে এবং মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করা পর্যন্ত এ লড়াই অব্যাহত রাখে।
দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ঐতিহাসিক দিনটি প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হচ্ছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম