Home / জাতীয় / রাজনীতি / রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারের প্রতি আহবান ওয়ার্কার্স পার্টির

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারের প্রতি আহবান ওয়ার্কার্স পার্টির

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ সেপ্টেম্বর ২০১৭ । ৩১ ভাদ্র ১৪২৪

শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করে রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে ফিরিয়ে নিতে সে দেশের সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বৃহষ্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবী জানান ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। সংবাদ বাসস-এর।

বক্তারা বলেন, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ যাতে কোন রকম আঞ্চলিক ষড়যন্ত্রের শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সরকার সর্বোচ্চ মানবিক বিবেচনায় রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। তবে সমস্যার শান্তিপূর্ণ সমাধান ও রোহিঙ্গা শরণার্থীদের সে দেশে ফিরিয়ে নেয়া ছাড়া কোন বিকল্প পথ নেই।

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল ও কামরুল আহসান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তপন, নারী মুক্তি সংসদের সহসাধারণ সম্পাদক শিউলী শিকদার, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহার, ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি ও ২০ দলের অবস্থানের সমালোচনা করে নুর আহমদ বকুল বলেন, রোহিঙ্গা প্রশ্নে যখন জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন সেখানে বিএনপি ও ২০ দল এই পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে। কিন্তু ইতিহাসের পুরানো অধ্যায় হলো জেনারেল জিয়া ও বিএনপি সরকারের আমলেই তাদের অদূরদর্শী ও ষড়যন্ত্রমূলক তৎপরতায় বাংলাদেশকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে এবং বাংলাদেশে সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

তিনি অবিলম্বে মিয়ানমার সরকার কর্তৃক পরিচালিত গণহত্যা বন্ধ করা, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে ভারত চীনসহ জাতিসংঘকে যথার্থ উদ্যোগ নেয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে এসে শেষ হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

10 3 26 26 11

সংসদ এলাকায় ঘোলা পানি, ‘পেট খারাপ হয়েছিল’ চিফ হুইপের

ঢাকা, মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ মাসস সংসদ ভবন এলাকায় পানির সংকটের কথা উল্লেখ করে জাতীয় সংসদের …

Leave a Reply

Your email address will not be published.