মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ০১ জুলাই ২০১৯ | ১৭ আষাঢ় ১৪২৬
নুসরাত ফারিয়া বললেন, আপাতত গবেষণা নিয়ে ব্যস্ত আছি। বিষয়টি রীতিমতো ভাবিয়ে তোলার মতো! এত ব্যস্ত একজন চিত্রনায়িকা কিনা গবেষণার মতো দীর্ঘ সময়ব্যাপী কাজে ব্যস্ত থাকবেন!

তবে আসল ঘটনা হচ্ছে, সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া একটি সাক্ষাৎকারে ফারিয়া বলেন, নতুন ছবি ‘ঢাকা ২০৪০’-এ আমি একজন গবেষকের চরিত্রে অভিনয় করছি। ছবির স্ক্রিপ্ট খুব সুন্দর এবং আমার চরিত্রটিও দারুণ।
এ ছবিতে ফারিয়ার পাশাপাশি আরো অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবিতে ঢাকার বর্তমান ও ভবিষ্যৎ রূপের আভাস পাওয়া যাবে। ছবিটির পরিচালক দীপংকর দীপন।

‘ঢাকা ২০৪০’ ছবিতে নায়ক বাপ্পির লুকেও থাকছে পরিবর্তন।
এদিকে জানা যায়, পশ্চিমবঙ্গের পর ফারিয়া অভিনীত ‘বিবাহ অভিযান’ ছবিটি বাংলাদেশেও মুক্তি পাবে। বিরসা দাশগুপ্ত পরিচালিত ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ) প্রযোজিত কমেডি ধাঁচের গল্প নিয়ে নির্মিত এ ছবি দেশে মুক্তি পাওয়া নিয়ে বেশ আশাবাদী ফারিয়া। এ ছবিতে ফারিয়ার বিপরীতে কলকাতার জনপ্রিয় নায়ক অঙ্কুশ অভিনয় করেছেন।
কোরবানি ঈদে ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটিও মুক্তি পাওয়ার কথা রয়েছে। শামীম আহমেদ রনী পরিচালিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে তাকে দর্শকরা দেখতে পাবেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম