মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন প্রতিবেদন । ১১ ডিসেম্বর ২০১৮ । ২৭ অগ্রহায়ণ ১৪২৫
গুণী অভিনেতা এ টি এম শামসুজ্জামান আবার চলচ্চিত্র পরিচালনায় আসছেন। একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতা জানিয়েছেন এটি নাকি তার স্বপ্নের সিনেমা!চলতি ডিসেম্বরেই এ টি এম শামসুজ্জামান তার নতুন চলচ্চিত্রের কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। ছবির নাম ‘এখন বলা যায়’। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য তার নিজেরই। অভিনয়শিল্পীদের সঙ্গে চুক্তি সম্পন্ন না হওয়ায় আপাতত নাম বলতে চান না তিনি।

‘এখন বলা যায়’ ছবিটি প্রসঙ্গে এ টি এম শামসুজ্জামান বলেন, দীর্ঘদিনের ভাবনাকে এবার আমি বাস্তবায়ন করতে চাই। যেহেতু আমার লেখালেখির অভ্যাস আছে অনেক আগে থেকেই তাই নিজের সিনেমার গল্প, চিত্রনাট্য আমি করব ঠিক আগেরটারই মতো। অর্থাৎ আমার ‘এবাদত’ সিনেমাটির মতই। ‘এখন বলা যায়’ হবে জীবনের গল্প নির্ভর একটি চলচ্চিত্র। আমি জীবনের যে পর্যায়ে এসে পৌঁছেছি তাতে করে ‘এখন বলা যায়’ সিনেমার মধ্য দিয়ে অনেক কিছুই উঠে আসবে। আমার জীবনের না বলা অনেক কথা ছবিটির গল্পে তুলে ধরা হবে। এটি আমার স্বপ্নের সিনেমা। আমি অনেক স্বপ্ন নিয়েই এই সিনেমা নির্মাণে এগিয়ে এসেছি।’

তবে সিনেমাটি প্রযোজনা করবেন কে এবং অভিনয় শিল্পী কে কে থাকবেন সে বিষয়ে আপাতত কিছু জানাননি এ টি এম শামসুজ্জামান।
প্রসঙ্গত, এ টি এম শামসুজ্জামান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন প্রায় একদশক হয়ে গেল। তার পরিচালনায় ২০০৯ সালে ‘এবাদত’ সিনেমাটি মুক্তি পায়। দীর্ঘ বিরতির পর তিনি আবারও চলচ্চিত্র পরিচালনা ফিরলেন। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই শিল্পী মাঝে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি পরিকল্পনা করেছেন নতুন চলচ্চিত্রের।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম