মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ জুলাই ২০১৭ । ১০ শ্রাবণ ১৪২৪
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক সিনিয়র সাব-এডিটর, সাপ্তাহিক এশিয়া বার্তা সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম রেনু আর নেই।
তিনি সোমবার (২৪ জুলাই) রাত পৌনে ১২ টায় চট্টগ্রামে নিজাম রোডে মেয়ের বাসা থেকে মেডিকেলে যাওয়ার পথে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার বিকাল তিনটায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে প্রধানমন্ত্রীর তথ্য ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও সাবেক তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাসহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও প্রেস ক্লাবের সদস্যগণ অংশগ্রহণ করেন।এর আগে মিরপুর কাজীপাড়া ও চট্টগ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
আজ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জের ভোলা কোট গ্রামে তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাজ আজাদ এবং সংস্থার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী বাসস’র অবসরপ্রাপ্ত সাংবাদিক নজরুল ইসামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক শোকবার্তায় নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা বলেন, নজরুল ইসলামের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারালো।
নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম