ঢাকা, বুধবার ০৪ জুন ২০২৫ মাসস
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় যমুনা নদীতে গোসল করতে নেমে ছয় কিশোরী পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দরা থানা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য মোবাইল ফোনে রিলস বানানোর সময় পানিতে ডুবে মারা গেছে তারা।
আগ্রার সরকারি কর্মকর্তাদের মতে, ওই ছয় কিশোরী আশপাশের কৃষি জমিতে কাজ শেষে নদীর পাড়ে যায় এবং শরীর ঠাণ্ডা করার জন্য পানিতে নামে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্রথম দিকে তারা নদীর ধারে খেলছিল ও মোবাইল ফোনে রিলস ভিডিও করছিল। এরপর ধীরে ধীরে গভীর পানিতে চলে গেলে স্রোতের টানে ভেসে যায় তারা।দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় চারজন ডুবে যায় এবং বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই কিশোরীও মারা যায়।
৬ কিশোরীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্তে ছয়জনই পানিতে ডুবে মারা গেছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত সব পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
সূত্র : কালের কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম