মাস্টারি বিডি ডটকম
গাজীপুর । ১৭ সেপ্টেম্বর ২০১৭ । ০২ আশ্বিন ১৪২৪
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বাইরে গেলে রোহিঙ্গাদের পুনরায় ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
তিনি বলেন, ‘রোহিঙ্গারা যেন তাদের ক্যাম্পের নির্ধারিত সীমানার বাইরে যেতে না পারে, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। যদি কোনো রোহিঙ্গা তাদের ক্যাম্পের বাইরে চলে যায় তবে তাদের পুনরায় ক্যাম্পে ফেরত পাঠানো হবে।’
আইজিপি শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়নবাজারে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনকালে এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করেছেন। তিনি রোহিঙ্গাদের জন্য দুই হাজার একর জমিতে অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করবেন।
শহীদুল হক বলেন, ‘আমরা জনগণকে আহবান জানিয়েছি তারা কেউ যেন কোনো রোহিঙ্গাকে তাদের বাড়িতে আশ্রয় বা ভাড়া না দেন। কোনো রোহিঙ্গা ক্যাম্পের বাইরে গেলে সাথে সাথে যেন পুলিশকে খবর দেয়া হয়।’
দুর্গা পূজা অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেন, সারাদেশের পূজা উদযাপন কমিটির তালিকা আমাদের হাতে রয়েছে। সকলের সহযোগিতায় পূজা অনুষ্ঠানের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিন নদীর মোহনায় পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এটি তিনটি জেলারও মিলনস্থল। তদন্ত কেন্দ্রটি প্রতিষ্ঠিত হওয়ায় গাজীপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার শীতলক্ষ্যা নদী কেন্দ্রিক সীমান্তবর্তী এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করবে। কাপাসিয়ার টোক নয়নবাজারে তদন্ত কেন্দ্রটি উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দত্ত বলেন, এ তদন্ত কেন্দ্রে একজন পরিদর্শক, চারজন উপ-পরিদর্শকসহ মোট ৪০ জনের জনবল থাকবে। কেন্দ্রটির যে কোনো প্রকার অভিযোগ, সাধারণ ডায়েরী গ্রহণ করার ক্ষমতা থাকবে। তবে সেগুলো রুজু হবে কাপাসিয়া থানায় এবং তদন্তকাজ সম্পন্ন করবে তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা।
পরে স্থানীয় শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ মাঠে সুধী সামাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।
ঢাকা রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম, কলেজ অধ্যক্ষ মো: তাজউদ্দিন, মুক্তিযোদ্ধা কামান্ডার বজলুর রশীদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য জসীম উদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন শাওন প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম