মাস্টারি বিডি ডটকম
বরিশাল । ৯ জুলাই ২০১৭ । ২৫ আষাঢ় ১৪২৪
বরিশাল-ভোলা মহাসড়কে তৈরি হচ্ছে ফুল সরনি। আগামী ১৫ জুলাই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় মোড় হতে সড়কের ৪ হাজার ৮শ’ মিটার এলাকার উভয় পাশে সোনালু, জারুল, কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে এই সৌন্দর্য বর্ধন করা হবে। জেলা প্রশাসনের উদ্যেগে এ কর্মসূচিতে আগামী ১১ জুলাই পর্যন্ত স্বেচ্ছায় যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, বরিশাল ফুল সরনি বাস্তবায়নে ইতোমধ্যে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। আগামী ১৫ জুলাই বৃষ্টি হলেও ফুলের চারা রোপণের অভিযান আরম্ভ করা হবে। সকলের অংশগ্রহণে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বৃক্ষ রোপন অভিযান চলবে। অভিযানে প্রতি ১শ’ মিটারের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৫০ জনের এক একটি গ্রুপ কাজ করবে। আর ১৬টি গ্রুপ নিয়ে এক একটি ব্লক থাকবে। প্রতি ব্লকে একটি প্যান্ডেল, সম্প্রচার দল, সাংস্কৃতিক দল, মেডিক্যোল টিম, পানি, ফুলের চারা, খুঁটি, সুতলি থাকবে। প্রশাসন পরিচালিত বরিশাল এফবি টিভিতে লাইভ অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।
সূত্র আরো জানায়, ইতোমধ্যে যারা এই অভিযানে অংশগ্রহণে আগ্রহ জানিয়েছেন, তাদেরকে মোট ৪৮টি গ্রুপে বিভাজন করে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। এছাড়া এখানে অংশগ্রহণকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম সম্বলিত একটি গ্রন্থ আগামী ১৪ জুলাই প্রকাশ করা হবে। পরে অভিযানে অংশগ্রহণকারী সকলের মাঝে প্রশাসনের উদ্যোগে সনদ বিতরণ করা হবে।
জেলা প্রশাসক ড. গাজী মো: সাইফুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, সকলের সুবিধার্থে আগামী ১৫ জুলাই সকাল ৯ টায় বঙ্গবন্ধু উদ্যান থেকে অভিযান এলাকায় কয়েকটি বাস ছেড়ে যাবে। বরিশাল ফুল সরনি উদ্যোগ বাস্তবায়ন করতে সব ধরনের প্রস্তুতি চলছে। এটি সম্পন্ন হলে বরিশাল-ভোলা মহাসড়কের দৃশ্যপট বদলে যাবে। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম