Home / সাহিত্য / কবিতা / ফখরুল করিম-এর দুটি কবিতা
fukhrulkarimmbd-f

ফখরুল করিম-এর দুটি কবিতা

শূন্য থেকে শুরু…

জীবনের কতটুকু পথ পাড়ি দিলে, তুমি বলবে পথ শেষ হয়নি?
মোমবাতি জ্বলে পুড়ে নিঃশেষ হবার পরও কি তুমি বলবে, শেষ হয়নি?
ভালবাসার সূত্রপাতে আবেগের তাড়নায় কেউ কেউ নিজেকে জ্বালাতে চায়!
যে জ্বলার মধ্যে দুঃখ নেই, কষ্ট নেই, নেই কোনো হারানোর যন্ত্রণা বা হিংসা;
মনের সুপ্ত বাসর ঘরে বসে তুমি এগিয়ে চলছো দূর অজানা পথের সন্ধানে;
ক্লান্ত পথের পথিক হাঁপাতে হাঁপাতে এসে তুলে নিতে চায় তারই আলিঙ্গনে;
দারুণ এক স্পর্শের ছোঁয়ায় ঢেউ ওঠে শান্ত নদীর বুকে, দুকূল ভাসিয়ে দিয়ে
মনের তাগিদে আশ্রয় খুঁজে নেয়, তারই ফেলে-আসা অতীতের চৌম্বক রেখায়;
চৌম্বকীয় এক আবেশী ঘর্ষণের মুহূর্তে মুখ বুঁজে থুবরে পড়ে মানব-মানবীর দেহ!
কাঙ্ক্ষিত ফলের ইপ্সিত লাভ-লোকসানের পথে শূন্য থেকে শুরু হোক আমাদের পথচলা।

বাগ্মিতায়-মায়ায়!

দিগন্ত প্রসার মাঠের বিস্তীর্ণ রেখায়
দিনভর আসা যাওয়ার সন্ধানে মত্ত
পথিক পথ দেখিয়ে দেয় অন্যপথের!
যে আসতে চায় সে চায় অন্যকিছুর
স্বাদ, যেখানে পাওয়া যায় মাংসের
রসদ আর প্রাচুর্যে ভরার আস্বাদন
নেশার ঘোরে কেটে যাচ্ছে সময়
যে সময়ের নেই কোনো বাঁধনের টান
নেই নাম না-জানা খেলার পরশের আনন্দ
তারপরও মনের গহিন দুয়ারে দাঁড়িয়ে
অপেক্ষায় কাতর হয়ে নিঃশব্দে কালের
যাত্রার সহজ-সরল পথে হাল ধরে মায়ায়-
মানুষের সম্পর্কের মধ্যে নেই কোনো বৈচিত্র্য
নেই রক্তকে জাগ্রত করার কো নো যাদুর কাঠি
নিষিদ্ধ পথে চলতে চলতে বাঁধা পড়ে আছে
কোনো এক নারীর বন্ধুত্বের শোভা বর্ধনের
পারস্পরিক আনন্দের বাগ্মিতায়-মায়ায়!

ফখরুল করিম :
জন্ম : ৩১ ডিসেম্বর, ১৯৭৩ ; দরিল্যা কাদির সরকার বাড়ি, ত্রিশাল, ময়মনসিংহ ;

পিতা : রেজাই করিম ;

মাতা : ফাতেমা বেগম ;
প্রথম কাব্যগ্রন্থ : দেহের স্পর্শে মনের খোরাক, তারপর বেরিয়েছে কবিতার বই বারুদে কষ্টের গন্ধ ; বর্তমানে তিনি বিসিএস (তথ্য) ক্যাডারের সদস্য হিসেবে বাংলাদেশ বেতারে কাজ করছেন; পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন বিভিন্ন পত্র-পত্রিকায় ; লিখছেন ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ ইত্যাদি।

মাস্টারি বিডি ডটকম/ ঢাকা । ১৩ নভেম্বর ২০১৬ । ২৯ কার্তিক ১৪২৩

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

54587

চলে গেলেন কবি অসীম সাহা

মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ | মাস্টারি সংবাদ একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা মারা গেছেন। আজ …

Leave a Reply

Your email address will not be published.