মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ এপ্রিল ২০১৭ । ০৫ বৈশাখ ১৪২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সরকারি সফরে আজ মঙ্গলবার সকালে ভুটান যাচ্ছেন। ভুটানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দ্বি-পাক্ষিক সফর ছাড়াও প্রধানমন্ত্রী থিম্পুতে অটিজম বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সোমবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভুটান সফর সম্পর্কে অবহিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আজ মঙ্গলবার দুপুরে ভুটানের প্রধানমন্ত্রী তেসেরিং তোবগের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে নদীর অববাহিকাভিত্তিক পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবিদ্যুত, উপ আঞ্চলিক সহযোগিতা, কানেক্টিভিটি, সাংস্কৃতিক সহযোগিতা, কৃষি ও বাণিজ্য ইস্যু প্রাধান্য পাবে। বৈঠক শেষে দুইদেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্বারক সই হবে। দ্বৈত কর পরিহার, কৃষি ও কৃষিজাত পণ্যমান, সাংস্কৃতিক সহযোগিতা, ভুটানকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ রুট ব্যবহারের সুবিধা প্রদান, পণ্যের মান নিয়ন্ত্রণ বিষয়ে চুক্তি ও সমঝোতা সই হবে। এছাড়া দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালকে নিয়ে গঠিত উপ-আঞ্চলিক জোটের পূর্ণাঙ্গতা পেতে আলোচনা করবেন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ রয়েছেন।-সংগৃহীত
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম