মাস্টারি বিডি ডটকম ।
নাটোর । ১০ জানুয়ারি ২০১৮ । ২৭ পৌষ ১৪২৪
মহা তাঁবু জলসার মাধ্যমে নাটোরে আয়োজিত রাজশাহী বিভাগীয় সপ্তদশ আঞ্চলিক স্কাউট সমাবেশ সমাপ্ত হয়েছে। ‘নৈতিক মূল্যবোধে স্কাউটিং এ প্রতিপাদ্য নিয়ে রাণী ভবানী রাজবাড়ী চত্বরে গত বৃহস্পতিবার বিভাগীয় আটটি জেলা এবং একটি মেট্রোপলিটন এলাকা থেকে ১৩টি গার্ল-ইন-স্কাউটসহ মোট ২০৪টি স্কাউট ইউনিটের প্রায় দু’হাজার সদস্যের অংশগ্রহণে সমাবেশ শুরু হয়।
বাংলাদেশ স্কাউটসের রাজশাহী বিভাগীয় সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও রাজশাহী বিভাগীয় স্কাউটসের সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, নাটোর জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক শাহিনা খাতুন, বাংলাদেশ স্কাউটসের উপ-কমিশনার ও উপ-সচিব আবু সালেহ মোঃ মহিউদ্দিন, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা স্কাউটসের কমিশনার এনামুল হক, সমাবেশ টিম লীডার নওশাদ আলী ও জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটস প্রোগ্রাম শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। সুনাগরিক হতে পারলে দেশের সব সমস্যারই সমাধান করা সম্ভব। এ সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে স্কাউটবৃন্দ নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হবে, বন্ধুত্বের পরিধি বাড়বে এবং তাদের দক্ষতাও বৃদ্ধি পাবে। পড়াশুনার পাশাপাশি একজন স্কাউট দেশের সেবায় সব সময় প্রস্তুত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে অংশগ্রহণকারী বিভিন্ন স্কাউটস ইউনিটের মহা তাঁবু জলসায় পরিবেশিত দলীয় সংগীত, নৃত্য ও একাংকিকা দর্শকদের মুগ্ধ করে। রাজশাহী বিভাগীয় স্কাউটসের আয়োজনে এবং নাটোর জেলা স্কাউটসের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম