Home / অর্থনীতি / পলিশেডে টমেটো চাষ, সম্ভাবনা দেখালেন গোলাপগঞ্জের শাহজাহান
1 4 26 33

পলিশেডে টমেটো চাষ, সম্ভাবনা দেখালেন গোলাপগঞ্জের শাহজাহান

ঢাকা, বুধবার ০১ এপ্রিল ২০২৬ মাসস

ঋতুর হিসাব বদলে দিয়ে গ্রীষ্মকালেই শীতকালীন সবজি চাষ—এ যেন এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে সিলেটের গোলাপগঞ্জে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় পলিশেড হাউজে টমেটো চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কৃষক শাহজাহান আহমদ টিপু।

প্রচলিত চাষাবাদের গণ্ডি পেরিয়ে শাহজাহান আহমদ টিপু বেছে নিয়েছেন পলিশেড পদ্ধতি। এই পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে মাচার মাধ্যমে টমেটো গাছ বড় করা হয়, যা গাছকে প্রাকৃতিক প্রতিকূলতা থেকে অনেকটাই সুরক্ষিত রাখে। ফলে রোগবালাই কমে আসে এবং উৎপাদন বাড়ে কয়েকগুণ।

কৃষক শাহাজাহান আহমদ টিপু জানান, সরকারের সহযোগিতায় প্রায় ১৫ শতক জমির ওপর তিনি এই পলিশেড তৈরি করেছেন, যা সিলেটের আবহাওয়ার জন্য অত্যন্ত উপযোগী ও লাভজনক। তিনি সেখানে বারি-৮ জাতের টমেটো চাষ করছেন। চারা রোপণের মাত্র দুই মাসের মধ্যেই গাছে ফল ধরা শুরু হয় এবং এখনো ফলন অব্যাহত রয়েছে। প্রতিটি গাছ থেকে গড়ে প্রায় ১০০ কেজি টমেটো পাওয়া গেছে বলে জানান তিনি। আশা করছেন এখান থেকে আরও ফল আসবে।

কৃষিতে লাভ নেই—এমন ধারণাকে ভুল প্রমাণ করে তিনি আরও বলেন, সঠিক পদ্ধতি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঋতুর সীমাবদ্ধতা কাটিয়ে চাষাবাদ করলে কৃষিতে অবশ্যই লাভবান হওয়া সম্ভব।

উদ্যোগী এই কৃষকের প্রশংসা করে গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাশরেফুল আলম বলেন, “শাহজাহান আহমদ টিপুর মতো কৃষকদের জন্য সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে। আমরা দেখেছি তিনি পলিশেড পদ্ধতিতে বারি-৮ জাতের টমেটো চাষে সফল হয়েছেন। আমরা চাই, এই কৃষকের মতো আরও কৃষকরা এরকম প্রযুক্তিনির্ভর চাষাবাদে এগিয়ে এলে কৃষি খাতে বড় পরিবর্তন আসবে এবং তাদের জন্য আমাদের পরামর্শ ও সহযোগিতা সবসময় থাকবে।”

সূত্র : সময়ের কণ্ঠস্বর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 8 26 11111

ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি

বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ । মাসস দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ রেলওয়ের বহরে …