মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৫ মার্চ ২০১৮ । ২১ ফাল্গুন ১৪২৪
১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু যে স্থানে তৈরি করা মঞ্চে ভাষণ দিয়েছিলেন ওই স্থান নির্ধারণ করে সেখানে বঙ্গবন্ধুর বক্তব্যদানরত ভাস্কর্য নির্মাণের নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। খবর বাসস-এর।
আগামী দুই সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব,তথ্য সচিব, সাংস্কৃতিক সচিব, স্থাপত্য অধিদপ্তরের ডিজি ও ঢাকা দক্ষিণের মেয়রকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
স্থপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুমসহ চারজন স্থপতি আবেদনকারী হয়ে রিটটি দায়ের করেন। তাদের পক্ষে ফাইলিং ল’ইয়ার এডভোকেট লুৎফুল কবির।
গত বছরের ২০ নভেম্বর হাইকোর্টের অপর একটি বেঞ্চ ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। ওই রুলেও ৭ই মার্চ বঙ্গবন্ধু যে স্থানে যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও ইন্ধিরা গান্ধীকে সংবর্ধনা দেয়া হয়েছে সেই স্থানে মঞ্চ পুননির্মাণ এবং বক্তব্যরত বঙ্গবন্ধুর আঙ্গুল উচানো ভাস্কর্য কেন নির্মাণ করা হবে না- তা জানতে চেয়েছিলেন আদালত।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম