মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২১ জানুয়ারি ২০১৭ । ০৮ মাঘ ১৪২৩
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করলেন নিউইয়র্কের এই ব্যবসায়ী-ধনকুবের।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ক্যাপিটলের পেনসিলভানিয়া এভেনিউতে সকল আনুষ্ঠানিকতা শেষে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে নেন ট্রাম্প।
শুক্রবার সকালে সেন্ট জনস গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শপথ গ্রহণের দিনটি শুরু হয় ট্রাম্পের। এরপর তিনি হোয়াইট হাউসে যান। সেখানে প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে স্বাগত জানান। এ সময় উত্তরসূরীর কুশল জানতে চেয়ে ওবামা বলেন, ‘নব-নির্বাচিত প্রেসিডেন্ট, আপনি কেমন আছেন?’
এর আগে রীতি অনুযায়ী ওবামা উত্তরসূরীর উদ্দেশ্যে একটি চিঠি লিখে তা তার ওভাল অফিসের রেস্যুলেট ডেস্কে রাখেন এবং শেষবারের মতো ওভাল অফিস ত্যাগ করেন।
হোয়াইট হাউসে সকালের চা পানের পর ট্রাম্প, ওবামা এবং তাদের স্ত্রী মেলানিয়া ও মিশেল আড়াই কিলোমিটার দূরে ক্যাপিটলের পেনসিলভানিয়া এভেনিউতে যান। সেখানেই দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে রেওয়াজ অনুযায়ী প্রেসিডেন্টের অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হয় শপথের আগের দিন সকালে, লিঙ্কন মেমোরিয়ালে কনসার্টের মধ্যক দিয়ে।
ওই কনসার্টের শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা দেশকে ঐক্যবদ্ধ করতে যাচ্ছি। আমরা আমেরিকাকে আমাদের সবার জন্য মহান করতে যাচ্ছি।’
সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘পরিবর্তন আসছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পরিবর্তন ঘটতে যাচ্ছে।’
গত ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম