মাস্টারি বিডি ডটকম । রায়হান গফুর
ঢাকা । ২২ অক্টোবর ২০১৭ । ০৭ কার্তিক ১৪২৪

গাঁ-গেরামের মেয়ে
এক পয়সা, দুই পয়সা, তিন পয়সা চেয়ে
ভুল করো না, ভুল করো না, গাঁ-গেরামের মেয়ে
শহরজুড়ে পাচ্ছে যারা লক্ষ টাকার বেশি
তাদের চেয়েও লোভি কিন্তু তোমার মাংসপেশী
তাদের চেয়েও মনটি তোমার অনেক বেশি খাঁটি
কারণ তোমার পিঠের নিচে থাকতো শীতলপাটি
অন্ধকারের আলো তোমার জীবন ঘষে আগুন
চৈত্র তবু কাড়বে বুকে যত্নে রাখা ফাগুন
গাঁ-গেরামের মেয়ে তোমায়, জানাই শহরতন্ত্র
তোমার জন্য দিচ্ছে কারা ঠোঁট খোয়ানোর মন্ত্র।

ঝাড়ফুঁক
তাবিজটি ছিল- আয়াতুল কুরছির
কবজটি ছিল- সূরা ফাতিহার
ছিল ঝাড়ফুঁক, পানিপড়া আর মাহফিল শেষে-
হাতজোড়ে প্রার্থনার কারুকাজ ;
বিটুমিনবোধ তবু পেল না সকাল
রাতের কবিতা রাত শেষে বলে-
জোছনার চেয়ে মানুষের কাছে
মৃত্যুই এখন নিকাহের শুদ্ধ সম্পাদনা।
নাবিত্বে সহজ ছিল –
চণ্ডাল বোধের এই গুণগান!
কি যে করি, সামান্য মানুষ আমি
মন হারানোর ভর দুপুরে, ঘুরে ঘুরে
ঘটাতে পারি শুধু পাখি হত্যার বিস্ফোরণ!

বাঘবন্দি
বাঘ নিয়ে খেলবে, খেলো
খেলা তো হবে বাঘের সাথে!
ডোরা কি গুনেছ মাঘের রাতে
জেনেছ কি তার দৈর্ঘ্য-প্রস্থ?
সাধে কী তুমি অভাবগ্রস্ত!
তার হাড়-মাংস ভাগ কর খণ্ডে
পারলে দাঁড়াও মৃত্যুদণ্ডে
জানো তো? হাঁ বাড়লে বাড়বে হুংকার
বাঘ কি তোমার মন্ত্রী বাবার?
পুষে রাখা; পোষমানা এক নয়
এ কথা তো মানবে নিশ্চয়।

আগুন-শাড়ি
আগুন চোখে আগুন জ্বলে, আগুন নিবি বোন
আগুন দিয়ে নিস শানিয়ে, পাথরকাটা মন
আগুন মাসে আগুন হাসে, আগুন কি তোর ভাই?
আগুন জ্বলে বুকের ভেতর, হৃদয় হলো ছাই
আগুন আগুন করে কি তোর, জনম হবে শেষ?
যে আগুনে তোকে পোড়ায়, সেই আগুনে দেশ
ঘর পুড়ে যায় তুইও পুড়িস, এমন কপাল তোর
তাতেও যদি স্বপ্ন মেলে, তুই তবে রে পোড়
গড়ার চেয়ে পোড়াই ভালো, এমন সময় আজ
পুড়বি তবু রাখবি ধরে, আগুনমাখা সাজ।

পরিচিতি:
নব্বই দশকের প্রধানতম মানববাদী ও প্রেমিককবি শেখ নজরুলের জন্ম সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে। বাবা প্রয়াত স্কুল-শিক্ষক নূরুল ইসলাম এবং মা রাশিদা খানম। প্রকাশিত গ্রন্থ ৪৫টি। প্রথম প্রকাশিত কবিতার বই ‘যতক্ষণ তুমি মাধবী….’।
কাব্যগ্রন্থ : ‘পাঁজরের মানচিত্রে অনেক নদী’, ‘কষ্টের অনুবাদ’, ‘মা ও জোনাক তারার কাব্য’, ‘অষ্টধাতুর মাদুলি’, ‘আমার খুনের তালিকায় জোছনাও আছে’, ‘মলাটবন্দি চেতনার কফিন’, ‘মেঘ সম্পাদনা’, ‘মীমাংসিত মৃত্যু অমীমাংসিত জীবনে’, ‘নারীনিধি’, ‘রাষ্ট্র বনাম একা’, ‘আপেল কাটা ছুরি’, ‘গোলাপি দরজা’, ‘পতাকায় ফাল্গুন মানচিত্রে বসন্ত’, ‘ফুলশুমারি’, ‘আমাদের ভদ্র হবার গল্প’, ‘এখন তুই মাঠ’, ‘আমি খেলছি’, ‘গোলাপেও দুর্দিন ফোটে‘ ‘সোনালি শস্যে রূপোলি সরোবরে’।
ছড়াগ্রন্থ : ‘কার ঘাড়ে কে চড়ে’, ‘ফন্দিফিকির’, ‘কাঠমোল্লা’, ‘রাজনীতি এ্যটরেট জনগণ ডটকম’, ‘বুকের ভেতর বাংলাদেশ’, ‘বৃষ্টিকাব্য’, ‘বন্ধুকাব্য’, ‘মুঠির ভেতর আগুন ঝরে কার’, ‘সময়ের কাব্য’, ‘হায় পাখি’, ‘ছড়া বসন্ত’।
একমাত্র গল্পগ্রন্থ ‘গ্লাসভাঙা দুপুর’।
আখ্যানকাব্য : ‘রাজাকারনামা’।
প্রবন্ধ : ‘গল্প রাতে নাটক সকালে’
তথ্যগ্রন্থ : ‘আন্তর্জাতিক দিবস জাতীয় ভাবনা’
সঙ্গীত : ছন্দময় কথাপ্রধান গান রচনায় তিনি ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। HM Voice https://www.youtube.com/channel/UCvceObcmUKIEelCD7DsSLFw
সম্পাদিত গ্রন্থ : ‘আমার স্বপ্ন আমার স্বাধীনতা’, ‘কবিতায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কবিতা’, ‘দুই বাংলার মুক্তিযুদ্ধের নির্বাচিত কবিতা’ ‘মুক্তিযুদ্ধের বাছাই গল্প’।]
ভ্রমণপিপাসু শেখ নজরুল ভ্রমণ করেছেন আমেরিকা, জাপান, চীন বেলজিয়াম, সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, ভারত ও অন্যান্য বেশ কয়েকটি দেশ। সাহিত্যে অবদানস্বরূপ পেয়েছেন শেরেবাংলা স্বর্ণ পদক (১৯৯৩), সাতক্ষীরা জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (২০০৯), স্বাধীনতা ফাউন্ডেশন পুরস্কার (২০১২)।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম