মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৭ নভেম্বর ২০১৭ । ১৩ অগ্রহায়ণ ১৪২৪
এবারের করমেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন উদ্ভাবন ছিল করদাতাদের কর কার্ড বা আয়কর পরিচয়পত্র প্রদান। করদাতারা এই কার্ডকে সম্মানের প্রতীক বিবেচনা করায় প্রথমবারই এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
মেলায় হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে কর কার্ড সংগ্রহ করেছে। মেলায় ৯১ হাজার ২৫০ জন করদাতাকে কর কার্ড প্রদান করা হয়।
এখন কর কার্যালয়গুলোতে আয়োজিত ট্যাক্স ক্যাম্প থেকেও কর কার্ড প্রদান করা হচ্ছে। সেখানেও কর কার্ডই জাদুর মত টানছে করদাতাদের। বিপুল চাহিদার প্রেক্ষিতে কর প্রশাসন কর কার্ড প্রদান চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এ প্রসঙ্গে এনবিআরের কমিশনার ও ট্যাক্স কার্ড বাস্তবায়নকারী কর্মকর্তা কানন কুমার রায় সংবাদমাধ্যমকে বলেন, ‘এবারের আয়কর মেলায় করদাতাদের কাছে জাদু দেখিয়েছে কর কার্ড। সম্মানের প্রতীক বিবেচনা করায় এটি পেতে তারা খুব আগ্রহী। এজন্য আমরা কার্ড প্রদান প্রক্রিয়া অব্যাহত রাখতে চাই। যাতে আগ্রহীরা কর কার্ড সংগ্রহ করতে পারেন।’
তিনি বলেন, প্রথম দিকে আমাদের সিদ্ধান্ত ছিল কেবলমাত্র করমেলায় কর কার্ড প্রদান করা হবে। তবে বিপুল চাহিদার প্রেক্ষিতে ট্যাক্স ক্যাম্প থেকে কার্ড প্রদানের সিদ্ধান্ত হয়। এখন আমরা ৩০ নভেম্বরের পরও এই প্রক্রিয়া চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে পুরো বছরজুড়ে কর কার্ড প্রদান করা হবে কিনা, এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের শেষ সময়। এনবিআরের সিদ্ধান্ত ছিল ৩০ নভেম্বর পর্যন্ত কর কার্ড প্রদান করা হবে। এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
এবার কেবলমাত্র ঢাকা ও চট্টগ্রাম করমেলা থেকে কর কার্ড প্রদান করা হয়। আগামী বছর সারা দেশের কর মেলা থেকে এই কার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে এনবিআরের। কর মেলা ও ট্যাক্স মিলে এখন পর্যন্ত এক লাখ ২০ হাজার কর কার্ড প্রদান করা হয়েছে।
ঢাকার কর কার্যালয়গুলোতে রিটার্ন দাখিলের স্লিপ জমা দিয়ে কর কার্ড সংগ্রহ করা যাচ্ছে। দেশব্যাপী এই কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগও নিয়েছে কর প্রশাসন।
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, করদাতাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে কর কার্ড প্রবর্তন করা হয়েছে। যাতে তারা গর্বিত করদাতা হিসেবে নিজেদের পরিচয় দিতে পারেন। কর কার্ড করদাতার এক ধরনের স্বীকৃতি বলে তিনি উল্লেখ করেন।
সম্মানিত কর কার্ডধারীরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেবা পাওয়ার ক্ষেত্রে যেন অগ্রাধিকার পায়-এ বিষয়ে এনবিআর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।
উল্লেখ্য, এবারের কর মেলায় রিটার্ন দাখিলের স্লিপ জমা দিয়ে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে কর কার্ড সংগ্রহ করতে পেরেছেন করদাতারা। যা মেলার বাড়তি আকর্ষণ ছিল। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম