মাস্টারি বিডি ডটকম
ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০১৬ । ১৫ আশ্বিন ১৪২৩
একজন অধিনায়ক সব সময়ই নিজ দলের কোন খেলোয়াড়ের পাশে থাকেন। ঠিক বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও তার ব্যতিক্রম নন। মাশরাফি এমনিতেই সব সময় নিজ দলের খেলোয়াড়দের আগলে রাখেন। এবারও তার ব্যতিক্রম ঘটলো না।
নিজ মাঠে আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের পারফরমেন্স নিয়ে তাই প্রশ্নগুলো তীর হয়ে ছুটে যাচ্ছে একের পর এক। কিন্তু টাইগার টেস্ট অধিনায়ককে সেগুলো বিদ্ধ করছে সামান্যই। ঢাল হয়ে সব সামলাচ্ছেন মাশরাফি। আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডের আগে আবারও বাংলাদেশ অধিনায়ক জানালেন, মুশফিকের পারফরমেন্স নিয়ে তিনি মোটেই বিচলিত নন।
আফগানিস্তান সিরিজে ব্যাট হাতে এখনো জ্বলে উঠতে পারেননি মুশফিক। এমনকি উইকেটরক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সময়ে তার ব্যর্থতার কারণে বাংলাদেশকে ভুগতে হয়েছে। চলমান সিরিজে তার ব্যর্থতার মাশুল দিতে হয়েছে টাইগারদের।
এই আফগানিস্তান সিরিজেও প্রথম দুই ম্যাচে ক্যাচ ছেড়েছেন, গুরুত্বপূর্ণ সময় হাতছাড়া করেছেন স্টাম্পিংয়ের সুযোগ।
প্রশ্ন শেষ নয় শুধু কিপিং দিয়েই। ব্যর্থতার হাত ধরে আসে পারিপার্শ্বিক আরও অনেক কিছু। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের আগেই উদযাপন, তারপর কাজ শেষের আগেই ফিরে আসা, ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পর বিতর্কিত টুইট ও পরে সেটি মুছে ফেলা, নিজের ব্যর্থতায় ম্রিয়মান হয়ে থাকা; সব মিলিয়ে সংবাদ সম্মেলনে অনেক প্রসঙ্গ এক সঙ্গে মিলে প্রশ্ন ছুটে গেল মাশরাফির দিকে।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বরাবরের মতোই টেস্ট অধিনায়কের পাশে দাঁড়ালেন।
মাশরাফির মতে, ‘একেক জন মানুষের চিন্তা-ভাবনা, চলাফেরা একেক রকম। যদি পেশাদারিত্বের বিষয়টি খেয়াল করেন, তাহলে দেখবেন মুশফিক আমাদের থেকে সব সময় এক ধাপ এগিয়ে থাকে। এই জায়গায় মুশফিককে একশতে একশ’ দিতে হবে।’
‘অভিযোগের কথা যদি বলেন, সেটা আমাকে নিয়েও সামনের ম্যাচে থাকতে পারে। আমি কোনো ভুল করতে পারি। ম্যাচে একটা-দুটা অনাকাক্সিক্ষত ব্যাপার ঘটে। কিন্তু কখনোই একজনের জন্য হারা সম্ভব নয়। মুশফিককে নিয়ে আমাদের একটুও ভাবনা নেই, ওকে নিয়ে মোর দ্যান হ্যাপি।’
মাঠের ভেতরে-বাইরে মুশফিকের আচরণ বা ব্যক্তিগত প্রশ্নের ব্যাপারগুলো স্পর্শই করতে চান না অধিনায়ক।
‘ওকে নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তার কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত, ওগুলো একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা নিয়ে কোনো কথাই বলা ঠিক হবে না। কিন্তু আপনি যদি ওকে খেলোয়াড় হিসেবে বিবেচনা করেন, চলাফেরা কিংবা টিমের সবার সঙ্গে ওর মেলামেশার কথা বলেন তবে সে পুরোপুরি ঠিক।’-বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম