ঢাকা, শনিবার ১৬ আগস্ট ২০২৫ মাসস
রাজধানীর রামপুরা এলাকার আফতাবনগর মোড়ে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গতকাল ১৫ আগস্ট শেরপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মনোয়ারা বেগম। অটোরিকশার চাকা ও মোটরে ওড়না পেঁচিয়ে মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর মাথা। ঘটনাস্থলেই নিভে যায় একটি জীবন। অথচ এর আগেও ১১ মার্চ একই জেলার মিম আক্তার নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারিয়েছিল।
স্কুলছাত্রী, কলেজছাত্রী, পরীক্ষার্থী, গৃহবধূ কিংবা শিক্ষকতা করা নারী—তালিকা শুধু বড় হচ্ছে। প্রতিমাসেই কোথাও না কোথাও অটোরিকশা, ইজিবাইক বা মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নিভে যাচ্ছে একটি জীবন। মুহূর্তেই থেমে যাচ্ছে একেকটি স্বপ্ন।
ইশরাত জাহান শান্তা তো কেবল বাবার মোটরসাইকেলে চেপে কলেজে যাচ্ছিলেন। সুমাইয়া ছায়া ঝুঁকেছিলেন রিকশার সামনের পলিথিন ঠিক করতে। রাদিয়া ইসলাম প্রিয়া ফিরছিলেন কোচিং ক্লাস শেষে। অধরা চৌধুরী মোহনা যাচ্ছিলেন বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে খাবার খেতে। কে জানত, এমন সাধারণ মুহূর্তেই চিরতরে শেষ হয়ে যাবে সব?
অথচ সামান্য সচেতনতা হয়তো বাঁচাতে পারত মিম, বুলবুলি, জয়তুন কিংবা রোকসানাদের জীবন। প্রতিবার দুর্ঘটনার পর সমাজ শোকাহত হয়, আলোচনার ঝড় ওঠে, কিন্তু তারপর আবার একই ঘটনার পুনরাবৃত্তি। কেন বারবার এমন হচ্ছে? কেন চাকায় পেঁচাচ্ছে ওড়না? প্রশ্নটা আমাদের সবার ভেবে দেখা দরকার।
এখন সময় এসেছে ব্যক্তি, পরিবার ও সমাজ—সবাইকে একসঙ্গে সচেতন হওয়ার। রিকশা, ভ্যান, ইজিবাইক কিংবা মোটরসাইকেলে ওঠার সময় কাপড়, বিশেষ করে ওড়না, আঁচল বা শাড়ি যেন চাকায় না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। চালকদেরও সচেতন হতে হবে, গাড়ির পাশে বসা যাত্রীদের কাপড় ঝুলে থাকলে সতর্ক করতে হবে। একই সঙ্গে কর্তৃপক্ষ চাইলে যানবাহনের চাকায় প্রটেকশন কাভার বাধ্যতামূলক করতে পারে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে নিয়মিত প্রচারণা চালাতে হবে, গণমাধ্যমে প্রচার বাড়াতে হবে।
প্রতিটি অকাল মৃত্যুর পেছনে লুকিয়ে থাকে অসচেতনতা আর অবহেলা। অথচ একটু সতর্ক হলেই হয়তো অটোরিকশার চাকার ফাঁদে হারাতে হতো না এতগুলো তরতাজা প্রাণ।
সৌজন্যে : কালের কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম