ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি সড়কের নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে এক ঠিকাদার ও তার সহযোগীদের বিরুদ্ধে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, এলজিইডির অধীনে নবীনগর উপজেলার শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ চলছে। এই কাজটি করছে মেসার্স লোকমান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে শুরু থেকেই নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে সরেজমিনে কাজের মান তদারকি করতে যান উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম।
পরিদর্শনকালে অভিযোগের সত্যতা পেয়ে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় ঠিকাদার লোকমান হোসেন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং ঠিকাদার ও তার অনুসারীরা প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেন। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ভুক্তভোগী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম জানান, কাজের ত্রুটি ধরিয়ে দেওয়ায় ঠিকাদার ও তার লোকজন উত্তেজিত হয়ে তাকে মারতে আসে। তিনি কোনোমতে দৌড়ে গিয়ে নিজের প্রাণ রক্ষা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনের মোবাইল ফোনটি বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার চেষ্টা অত্যন্ত গুরুতর অপরাধ। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম