ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যা
Mastary Sangbad
এপ্রিল ১৬, ২০২৬
অপরাধ, জাতীয়, পুলিশ ও আইন শৃংখলা, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ
38 Views
ঢাকা, বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ মাসস
চট্টগ্রামে নির্মীয়মাণ একটি ভবনের ৮ তলা থেকে ফেলে দিয়ে আশফাক কবির সাজিদ (১৭) নামের কলেজছাত্রকে হত্যার অভিযোগে হওয়া মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—ভবনটির দারোয়ান এনামুল হক, আইমন, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েস।এর আগে গত ১২ এপ্রিল রাতে চকবাজার থানার ডিসি রোড এলাকার মৌসুমি আবাসিকের একটি নির্মীয়মাণ ভবনের লিফটের খালি জায়গা থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়
পুলিশ বলছে, পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।মৃত আশফাক কবির সাজিদ চট্টগ্রাম নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার আবুল হাশেম খন্দকারের ছেলে। তারা বাকলিয়া ডিসি রোডে একটি বাসায় ভাড়া থাকতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১২ তারিখ বিকেল সাড়ে তিনটার দিকে সাজিদকে তার বন্ধু ফারদিন হাসান মুঠোফোনে কল দিয়ে বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি আবাসিক এলাকার মোড়ে ডেকে নেয়। সেখানে কথা বলার সময় আইমন, অনিক, মাইকেল রানা, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ অজ্ঞাতনামা ৫-৬ জন সাজিদকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।পরে বিকেল ৪টা ২০ মিনিটে সাজিদ কৌশলে তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে চকবাজার থানার ডিসি রোডের মৌসুমি আবাসিকের আমিন অ্যান্ড হাসান ম্যানশনের ৮ তলা ভবনের ভেতর প্রবেশ করেন। ভেতর থেকে ভবনের গেট আটকে দিয়ে সে অষ্টম তলায় উঠে যায়।
পেছনে ধাওয়া করা তরুণরা ভবনের সামনে অবস্থান নেয়।এক পর্যায়ে দারোয়ানকে বলে তারা গেট খুলে ভেতরে প্রবেশ করে। এরপর অষ্টম তলায় উঠে সাজিদকে এলোপাতাড়ি মারধর করে এবং লিফটের খালি জায়গায় (নিচে) ফেলে দেয়। এসময় স্থানীয়রা সাজিদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দেন। পরে পুলিশ গিয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সাজিদের বাবা আবুল হাশেম সিকদার বলেন, আমার ছেলে অনেক মেধাবী ছিল। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। তাকে কেন হত্যা করা হলো? খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ কালের কণ্ঠকে বলেন, সাজিদ হত্যার ঘটনায় তার বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে গত সোমবার সাত জনের নামে চকবাজার থানায় মামলা করেছেন। এ ঘটনায় ভবনটির দারোয়ান এনামুল হকসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
২০২৬-০৪-১৬