মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১১ এপ্রিল ২০১৭ । ২৮ চৈত্র ১৪২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন কন্ঠে বলেছেন, ‘আমার দ্বারা দেশের স্বার্থবিরোধী কোন কিছুই কখনো হবে না।’
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমি যতক্ষণ ক্ষমতায় রয়েছি ততক্ষণ মনে রাখবেন আমি নিজের স্বার্থে রাজনীতি করি না, দেশ ও জণগণের স্বার্থেই আমার রাজনীতি এবং দেশের মর্যাদাটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পাদিত চুক্তি এবং সমঝোতা স্মারকগুলোর মধ্যে গোপনীয় কিছু নেই, সবকিছুই খোলামেলা এবং পরিষ্কার।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে গণভবনে তাঁর সাম্প্রতিক চারদিনের ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। সংবাদ বাসস-এর।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্পাদকবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী এ সময় চুক্তির বিরোধিতাকারীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা সন্দেহ করছেন তারা নানা কথা বলছেন, যারা বলছেন তারা বলবেনই আমি জানি। এদের চরিত্র আমার জানা আছে। কিন্তু এতটুকু মনে রাখবেন, যেখানে আমি আছি সেখানে বাংলাদেশের স্বার্থবিরোধী কোন কিছু হবে না।’
‘এটা মনে রাখবেন। আমার দেশ স্বাধীন-সার্বভৌম দেশ। কিন্তু সমঝোতা প্রতিবেশী দেশের সঙ্গে অবশ্যই হতে হবে।’
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম