Home / প্রচ্ছদ / দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ।। সিক্ত হবেন স্মরণকালের বৃহৎ গণঅভ্যর্থনায়
pmagent-of-change-awardmbd1-copy

দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ।। সিক্ত হবেন স্মরণকালের বৃহৎ গণঅভ্যর্থনায়

মাস্টারি বিডি ডটকম
ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০১৬ । ১৫ আশ্বিন ১৪২৩

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্র থেকে আজ শুক্রবার বিকাল ৫ টা ২০ মিনিটে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাঁকে ব্যাপক অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

২ সপ্তাহব্যাপী যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে তিনটি দেশে অবস্থানকালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে ভাষণসহ প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনৈতিক, আন্তর্জাতিক সংগঠনের কর্মকর্তা ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে পারস্পরিক ও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

তিনি রাষ্ট্র পরিচালনার দক্ষতায় এবং আর্থ-সামাজিক উন্নয়নসহ বহুমাত্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘ পদক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে’ ভূষিত হন। এই বিরল সম্মান অর্জনে মূলত তাঁকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। স্মরণকালের বৃহৎ অভ্যর্থনা জানানোর লক্ষ্যে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পার্শ্বে জনতার ব্যাপক অংশগ্রহণ করাতে চায় দলটির নেতাকর্মীরা।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ দলের সিনিয়র নেতারা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রাজধানী ছাড়াও ঢাকার পার্শ্ববর্তী জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেছেন তাঁরা। এ অভ্যর্থনা অনুষ্ঠান সফল করার জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য দলটির নীতিনির্ধারকগণ বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত অবস্থান নেয়ার সময় জাতীয় পতাকা, ফুল, ব্যানার, ফেস্টুন প্রদর্শনসহ শৃঙ্খলা বজায় রাখতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইন্স ফ্লাইট ইকে ২৩২ স্থানীয় সময় ১০ টা ৫৫ মিনিটে ডুলেস ইন্টারন্যাশনাল বিমান বন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রী দুবাই হয়ে আজ শুক্রবার বিকেলে ঢাকা এসে পৌঁছবেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশ দূতাবাসের পদস্থ কর্মকর্তারা বিমান বন্দরে তাঁকে বিদায় জানান।

প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এ সময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম পর্যায়ে কানাডার প্রধানমন্ত্রী জাসটিন ট্রুডোর আমন্ত্রণে ঘাতক ব্যাধির ওপর পঞ্চম রিপ্লেইসমেন্ট কনফারেন্স অব গ্লোবাল ফান্ড (জিএফ) সম্মেলনে যোগ দিতে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর কানাডায় ৪ দিনের সফর করেন। তিনি দ্বিতীয় পর্যায়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে নিউইয়র্ক যান।
প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থানকালে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং আন্তর্জাতিক ইস্যুতে আলোচনায় অংশ নেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.