Home / সাহিত্য / কবিতা / বেয়াদবি মাফ করবেন ও অন্যান্য কবিতা
CHvCifOxDfa1Ch61_Aesthetics-1 copy

বেয়াদবি মাফ করবেন ও অন্যান্য কবিতা

শেখ নজরুলের ০৪টি সাম্প্রতিক কবিতা

দুঃখ লুকিয়ে রাখো

রাত জেগে লেখা প্রথম প্রেমপত্র
যেমন রেখেছো খুব গোপনে
তেমনি দুঃখ লুকিয়ে রাখো

ঘুম ঘুম চোখে, ধুক ধুক বুকে
যেমন লিখেছো সেই প্রেমের চিঠি
অসংখ্য ভুল বানানে
তেমনি দুঃখও ভুল বানানে
সমস্ত বুকজুড়ে লিখে রাখো

দুঃখ, কষ্ট দিতে ভুল করুক
দুঃখ, নিজের নাম ভুল পড়ুক

দুঃখ তো চোখে অসুখ
টানটান মাথাব্যথা
দুঃখ তো ঠোঁটের নিচে
লাল পিঁপড়ের মারণ কামড়
ধর্ষণকারী রাতের সহযোগি ভোর

তার পাসপোর্ট ভিসা ছিঁড়ে
অবৈধ নাগরিক করে রাখো
সময় হলে হাত ধরে, ঘাড় ধাক্কা দাও
তাকে গণপিটুনির হাতে তুলে দাও

তোমার পোশাকের নিচে
যে সুন্দর থাকে গোপনে
তেমনি দুঃখ রাখো খুব গোপনে
তোমার মনের গোপন কথা
যেমন গুছিয়ে রাখো সঙ্গোপনে

তেমনি দুঃখের ঘাড় প্রস্তুত রাখো
সেই ঘাড়ে পা রেখে স্বপ্নে আরোহণে
দুঃখ দুঃখ করো না
নির্লজ্জ সে ঠিকই সাড়া দেবে
বুকের গভীরে নিজেকে লুকিয়ে
দুঃখ ঠিকই সুখটুকু কেড়ে নেবে!

রুপোলি জন্মপ্রহর

কী ভাগ্য আমার
আমি জন্মেছি এই নবান্নে
শস্য ভরা বুকটা আমার
মন যে ভরা ধনধান্যে!

আমি শস্য বিলাই দু হাত ভরে
স্বপ্ন ভরি ক্ষুধার পাত্রে
আমি হাসি জাগাই দু ঠোঁট ভরে
প্রেম ছড়িয়ে দিই গভীর রাত্রে!

কী ভাগ্য আমার
নতুন শস্যে ভরছে আমার ঘর
এই নবান্নে ফিরে আসে জন্মপ্রহর!

প্রায় চৌদ্দশত বছর অপেক্ষার পর

অবশেষে নাজিল হলো
প্রায় চৌদ্দশত বছর অপেক্ষার পর
আমার ওপর অবতীর্ণ হলো
এক পরিপূর্ণ আসমানী তুমি
ভালোবাসা পরিচালনার পরিপূর্ণ গ্রন্থ

এর মধ্যে কখনও গোলাপের কাছে গেছি
কখনও নদীর উৎসবে করেছি সভাপতিত্ব
কখনও পাখির সঙ্গে করেছি মতবিনিময়
রাতকে বধূ করে সকাল দিয়েছি উপহার
দীর্ঘ চৌদ্দশত বছর ধরে প্রজাপতির
রঙিন পাখায় উড়েছি বনে বনে

চৌদ্দশত বছর ধরে ঝিঁ-ঝিঁর জন্য
লিখেছি রাতের কোরাস সঙ্গীত
জোছনাকে পথ চিনিয়ে পাঠিয়েছি
পৃৃথিবীর সব আরাধ্য আঙিনায়
স্বপ্ন বুনে দিয়েছি কষ্টদীর্ঘ বুকের গলিপথে

চৌদ্দশত বছর ধরে ঠোঁট রেখেছি খুলে
অবিরাম হাসির মুগ্ধ বিকেলজুড়ে
অবশেষে নাজিল হলো আসমানী তুমি

তোমার সঠিক পাঠে যে কেউ এখন
পৃথিবীতে বসেই পেতে পারে স্বর্গসুখ!

কেমন আছো, মোহ

দোলনায় দুলতে দুলতে
দেখেছি মায়ের চোখে
হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে
পড়েছি যতোবার
দেখেছি তাকে মায়েরই শোকে!

দুধের বোতলে দেখেছি তাকে
কপালে হাত বুলিয়ে বুলিয়ে
দেখেছি ঘুম পড়ার এক ফাঁকে
নীল রঙের হাফ প্যান্ট
লাল শাট হাতা কাটা
পিক পিক আলোজ্বলা
জুতো পায়ে ছোট ছোট হাঁটা

মনে আছে মোহ
ছোট ছোট ভাঙা ভাঙা স্বরে
মা মা ডাকা!
মনে আছে তখনও
টাকাকে বলতাম তাকা!

শ্লেট চকখড়ি ডাস্টার
বাবাই তখন মোহের মাস্টার
হাত ধরে স্কুল
হাত ধরে ঘরে ফেরা
হারিয়ে যাইনি কখনও
চোখ ছিলো মোহে ঘেরা
মনে আছে মোহ
তেল চিটচিটে চুলে
লাল চিরুনির মায়া!

ঝড় রৌদ্রে বাবার ছাতার নিচে
পৃথিবীর সব ছায়া!

মায়ার স্কুল মোহের বেঞ্চিতে
বৃষ্টিভেজা মাঠে খেলতে খেলতে
কত কাদা মেখেছে গেঞ্জিতে
কাদারও মায়া ছিলো কত
মনে আছে কত মোহের ক্ষত
আঙুল কেটেছে রক্ত ঝরেছে
আহ! উহ! করেছে রেবেকা
এখনও যে মনে আছে
দূর থেকে মোহ যায় দেখা!

কেমন আছো, মোহ?
গাঙশালিকের হলুদ ঠোঁটে
নিখুঁত মোহ খোঁটা
মনে আছে সিঁড়ির পাশে
ফুটফুটে গোলাপ ফোটা
ভাঙাচোরা বাস-বালিহাঁস নাম
কলেজে গেছি তাতে কতবার
পা-পো হর্ন, হঠাৎ ব্রেক
এক হাতে ব্যাগ
আরেক হাত ফসকে পড়ে যাওয়া
তবু মুখে হাসি এসব মোহতে পাওয়া

এখনও মোহ, নতুন নতুনে মোহনীয়
এক মোহ থেকে আরেক মোহে
জানি না দূরত্ব কতদূর!

জীবনের মোহ, জীবিকার মোহ
কবিতার মোহ, বিরহের মোহ
প্রেমের মোহ স্বপ্নের মোহ
মোহ ছাড়ে না পিছু

যাকে ভালো লাগে
জানি না কেনো লাগে
কষ্ট পাই তবু মোহ ফিরে চাই

মোহ ছাড়া বুঝি না কিছু!

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

825351117_122119517151305580_807997091513313043_n

এলজিইডি এতো উন্নত ও দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ করছে, তবু অভিযোগ কেনো পিছু ছাড়ে না!!

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস রূপগঞ্জে বেলদি বাজার-পালখান বাজার সড়কের রক্ষণাবেক্ষণ …

Leave a Reply

Your email address will not be published.