মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ২৬ অক্টোবর ২০১৮ । ১১ কার্তিক ১৪২৫
আজ ২৬ অক্টোবর। ঢালিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা রিয়াজ’র জন্মদিন আজ। রিয়াজ বহু হিট সিনেমা উপহার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন জনপ্রিয় হিরো হিসেবে। সেই সুনাম আজও অক্ষুন্ন রেখেছেন তিনি।

১৯৭২ সালে ফরিদপুর জেলা শহরের কমলাপুর মহল্লায় রিয়াজের জন্ম। তার ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএন্ডবি স্টাফ কোয়ার্টার্সের চৌহদ্দিতে। বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি কর্মকর্তা, মা আরজুমান্দ আরা বেগম গৃহিণী। সাত ভাই-বোনের মধ্যে রিয়াজ সবার ছোট।
১৯৯৫ সালে মুক্তি পায় রিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বাংলার নায়ক’। পরের বছর খ্যাতনামা চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের ‘অজান্তে’ ও মোহাম্মদ হোসেনের ‘প্রিয়জন’ সিনেমায় অভিনয় করেন। ‘প্রিয়জন’ চলচ্চিত্রে রিয়াজ অকালপ্রয়াত সালমান শাহের সঙ্গে অভিনয় করেছেন। শাবনূর ও পূর্ণিমার সঙ্গে জুটি বেঁধে সাড়া জাগিয়েছেন রিয়াজ।

হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’, এসএ হক অলিকের ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ও ‘হৃদয়ের কথা’, মতিউর রহমান পানুর ‘মনের মাঝে তুমি’, সুচন্দার ‘হাজার বছর ধরে’, তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ও গাজী মাহবুবের ‘প্রেমের তাজমহল’, ওয়াজেদ আলী সুমনের ‘সুইট হার্ট’, মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’সহ বহু জনপ্রিয় ও প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।
জনপ্রিয় নায়ক সালমান শাহ প্রয়াত হবার পর চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সফল জুটি গড়ে ওঠে রিয়াজের। রিয়াজ-শাবনূর জুটির উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে- ‘মন মানে না’, ‘ভালোবাসি তোমাকে’, ‘প্রেমের তাজমহল’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লাবাড়ীর বউ’। তারা ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রিয়াজ-শাবনূর জুটির সর্বশেষ চলচ্চিত্র ‘শিরি ফরহাদ’ মুক্তি পায় ২০১৩ সালের ২২ মার্চ।

অন্যদিকে ১৯৯৭ সালে মুক্তি পায় রিয়াজ-পূর্ণিমা জুটি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এ জীবন তোমার আমার’। এ জুটির অন্যান্য সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘শাস্তি’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’। তারা জুটিবদ্ধ হয়ে ৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।
দর্শকনন্দিত বহু চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি রিয়াজ বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন।
মাস্টারি বিডি ডটকম’র পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জনপ্রিয় অভিনেতা রিয়াজকে। শুভ জন্মদিন রিয়াজ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম