
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
চলচ্চিত্র । ৬ ডিসেম্বর ২০১৮ । ২২ অগ্রহায়ণ ১৪২৫
‘মুক্তির গান’, ‘মাটির ময়না’, ‘আদম সুরত’, ‘রানওয়ে’-এর মতো সাড়া জাগানো চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ।

১৯৫৭ সালের ৬ ডিসেম্বর ভাঙ্গার নূরপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তারেক মাসুদ। ১৯৮৫ সালের শেষের দিকে ‘আদম সুরত’ তথ্যচিত্র নির্মাণ করেন তিনি। এটি নির্মাণ করেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী এসএম সুলতানের জীবন নিয়ে। এরপর বেশ কিছু তথ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। ১৯৯৫ সালে স্ত্রী ক্যাথরিনের সঙ্গে যৌথভাবে নির্মাণ করেন তথ্যচিত্র ‘মুক্তির গান’।

২০০২ সালে তারেক মাসুদ নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’ মুক্তি পায়। এই চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করে। মাটির ময়না প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে অস্কার প্রতিযোগিতায় বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে।
তার নির্মিত সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রানওয়ে’ মুক্তি পায় ২০১০ সালে। তারেক মাসুদের উল্লেখযোগ্য আরও কয়েকটি চলচ্চিত্র হলো- ‘অন্তর্যাত্রা’ (২০০৬), ‘নরসুন্দর’ (২০০৯) প্রভৃতি।

২০১১ সালের ১৩ আগস্ট তার স্বপ্নের প্রজেক্ট ‘কাগজের ফুল’ সিনেমার শুটিং স্পট নির্বাচন করে ফেরার পথে মানিকগঞ্জের ঘিওরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। সেদিন তারেক মাসুদের সঙ্গে তার দীর্ঘদিনের সহকর্মী টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ ও বিশিষ্ট চিত্রগ্রাহক মিশুক মুনীরও নিহত হন। এ ছাড়া ইউনিটের আরও তিনজন মারা যায়। ২০১২ সালে তাকে একুশে পদক প্রদান করা হয়।

স্বনামধন্য এ পরিচালকের আজ ৬২তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে তারেক মাসুদের গ্রামের বাড়ি ফরিদপুর ভাঙ্গার নূরপুরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে সার্চ ইঞ্জিন সাইট গুগল তাদের ডুডলের মাধ্যমে তারেক মাসুদকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম