মাস্টারি বিডি ডটকম
শিমুল মাহবুব । কুয়াকাটা । ০৭ জানুয়ারি ২০১৭ । ২৪ পৌষ ১৪২৩
নতুন বছরের নতুন সূর্যোদয়ের রক্তিম অভায় উজ্জ্বল সাগরকন্যা কুয়াকাটা। আর এ রক্তিম অভায় হিমেল হাওয়ায় সিক্ত হতে পর্যটকদের পদচারণায় মুখরিত দেশের দ্বিতীয় প্রধান সমুদ্র সৈকত। হোটেল, মোটেল, কটেজেগুলোতে নেই কোনো ফাঁকা কক্ষ। দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের উপচেপড়া ভীড়।
এবার ইংরেজি বর্ষবরণে কুয়াকাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক উদ্যোগ। তবে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা আর পর্যটকদের নিরাপত্তায় দর্শনীয় স্থানসহ পুরো সৈকতজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সাগরদুহিতা কুয়াকাটার মনোরম নৈসর্গিক দৃশ্যের হাতছানি ভ্রমনবিলাসী মানুষকে বারবার টেনে আনে সমুদ্রের কাছে। তাই বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষের ছুটির আনন্দ উপভোগ করতে দেশি-বিদেশি প্রকৃতিপ্রেমি আর সমুদ্রপ্রেমী মানুষের আনাগোনায় মুখর সাগরকন্যার দীর্ঘ বেলাভূমি। সমুদ্রের ঢেউয়ের সাথে ভোরের সূর্যোদয় আর গোধূলিবেলার সূর্যাস্ত দেখে বিমোহিত পর্যটকরা। প্রকৃতির অপরূপ ছোঁয়ার লেবুর বন, গঙ্গামতি, ফাতরার বন, ইকোপার্ক, লাল কাকড়ার চর, কাউয়ার চর, অষ্টধাতু নির্মিত এশিয়ার বৃহৎ বৌদ্ধ মূর্তির মিস্তরীরপাড়া রাখাইন মন্দির, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সর্বত্রই পর্যটকদের ব্যাপক উপস্থিতি।
ফরিদপুর থেকে আগত এক তরুণ পর্যটক দম্পত্তি জানান, কুয়াকাটার অপরূপ সৌন্দর্যের কথা জেনেই তারা কুয়াকাটায় এসেছেন নতুন বছরের রঙিন প্রভাতে নতুন সূর্যের পরশ নিতে। এখানে এসে সত্যিই প্রকৃতির নিবিড় ছোঁয়ায় কুয়াকাটার সৌন্দর্যে তারা বিমোহিত।
দর্শনীয় স্থানসহ পর্যটনমুখী ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পর্যটকদের উপচেপড়া ভীড়।

এদিকে হোটেল মোটেলে রুম না পেয়ে অনেক পর্যটক অশ্রয় নিয়েছে হোটেল-মোটেলের বারন্দায় এবং আশ-পাশের বাসা-বাড়িতে। আর এসুযোগ কাজে লাগিয়ে পর্যটকদের কাছ থেকে অনেকেই হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের ভাড়া। অনেকেই সেটুকুও না পেয়ে রাত কাটাচ্ছেন বীচে তাবু খাটিয়ে কিংবা বীচের ছাতার নিচে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এ্যাসোসিয়েশন-এর সেক্রেটারী জেনারেল মোতালেব শরীফ বলেন, দশ দিন আগে থেকেই সকল হোটেলের রুম বুকিং হয়ে গেছে। প্রতি বছরের তুলনায় এ বছর পর্যটকদের অগমন বেড়ে গেছে। কিন্তু সে তুলনায় বেড়ে ওঠেনি আবাসিক হোটেল। তবে এ সুযোগ কাজে লাগিয়ে কেউ যাতে অতিরিক্ত ভাড়া নিয়ে কুয়াকাটার ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে সে বিষয়ে তারা সজাগ রয়েছেন।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ এবং মহিপুর থানা পুলিশের সহযোগিতায় দর্শনীয় স্পটে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম