Home / খেলা / সুন্দরের পূজারি সিলেট স্টেডিয়াম
sylhat+stadioum+beauty+mbd-3

সুন্দরের পূজারি সিলেট স্টেডিয়াম

মাস্টারি বিডি ডটকম ।
সিলেট । ০৪ নভেম্বর ২০১৭ । ২০ কার্তিক ১৪২৪

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দিয়ে পর্দা উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের। প্রথমবারের মত এই ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের ম্যাচ। আর পুরো ভেন্যুটিকেই ঘিরে রেখেছে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য। বলতে গেলে ভেন্যুটিকে আগলে রেখেছে প্রকৃতি। স্টেডিয়ামের চার পাশে চা বাগান, বড় বড় গাছ, ছোট ছোট টিলার সাথে রয়েছে সবুজ গ্যালারিও। আর এসব নয়নাভিরাম উপাদানের কারণেই সিলেট স্টেডিয়ামকে সুন্দরের পূজারি বলা যেতে পারে।

সিলেটের প্রাণকেন্দ্র থেকে স্টেডিয়ামের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। মাঝারি আকারের রাস্তার পাশেই অবস্থিত এই স্টেডিয়ামের প্রবেশ পথ। তবে এরপরই আছে চোখ জুড়িয়ে যাবার মত দৃশ্য। সরু রাস্তা দিয়ে হেঁটে আসতেই পাশে বিরাট চা বাগান। বাংলাদেশের প্রসিদ্ধ এই চা বাগানের নাম ‘লাক্কাতুরা’। এই চা বাগানের ভেতরেই স্টেডিয়ামটি অবস্থিত। চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে সকলকে।

sylhat+stadioum+beauty+mbd-2

চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতেই স্টেডিয়ামে প্রবেশের পথ চলে আসে। সেই পথের উল্টো দিকে ছোট ছোট টিলা। যেখানে দাঁড়িয়ে উৎসুক জনতার ক্রিকেট দর্শন। রৌদ্রোজ্জ্বল পরিবেশ সেই সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকগুণ।

স্টেডিয়ামের ভেতরের গ্যালারিগুলো বেশ পরিপাটি। আর গ্র্যান্ডস্ট্যান্ডগুলোর ছাদ কুড়ে ঘরের মত করে সাজানো। ছাদগুলো লাল টালি দেয়া। দূর থেকে দেখলে মনে হবে অনেকগুলো ‘বাংলো’ দাঁড়িয়ে আছে। তার নিচেও রয়েছে দর্শকদের খেলা উপভোগের জায়গা। তার ঠিক উল্টো দিকে সাংবাদিকদের প্রেসবক্স। সেটিও দেখতে দেশের অন্যান্য স্টেডিয়ামের চেয়ে বেশ আলাদা।

sylhat+stadioum+beauty+mbd

স্টেডিয়ামের ভেতরের এমন চিত্র এখানেই শেষ হয়ে যায়নি। স্টেডিয়ামের সবচেয়ে মনমুগ্ধকর স্থান হলো পশ্চিম দিকের সবুজ গ্যালারি। এখানে বসে, শুয়ে, কাত হয়ে খেলা উপভোগ করা যাবে। এমনটা সাধারণত অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাতে দেখা যায়। ছোট একটি টিলাতে সিঁড়ির আকৃতির মত তৈরি করা আছে। বর্ষা মৌসুমে টিলা ধসে না যাওয়ার জন্য নিচের অংশে সামনের দিকে পাকা করা হয়েছে। এই সবুজ গ্যালারির ধারণ ক্ষমতা প্রায় দেড় হাজার। এমন গ্যালারি বাংলাদেশের কোন স্টেডিয়ামেই নেই। টিলার ঠিক পাশে ইলেক্ট্রনিক্স স্কোর বোর্ড।

যে স্টেডিয়ামের আশেপাশে, ভেতরে এমনসব সৌন্দর্য বিরাজ করছে- সেটি সুন্দরের পূজারি না হয়ে কি পারে? এমন প্রশ্ন করা হয়েছিলো ঢাকা থেকে খেলা দেখতে আসা ৫ জনের একটি তরুণ ক্রিকেট প্রেমি দলকে। খেলা দেখতে দেখতে তাদের বক্তব্য, ‘বাংলাদেশের সব স্টেডিয়ামেই খেলা দেখেছি আমরা। কিন্তু এত সুন্দর স্টেডিয়াম কোথাও দেখিনি। বিশেষভাবে সবুজ গ্যালারিটি। এটি আমাদের খুবই ভালো লেগেছে। এখানে আন্তর্জাতিক ম্যাচ বেশি হলে ক্রিকেট বিশ্বে আমাদের সুনাম বাড়বে।’ বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 22224

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ

 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা …

Leave a Reply

Your email address will not be published.