মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১১ অক্টোবর ২০১৬ । ২৬ আশ্বিন ১৪২৩
আজ শুভ বিজয়া দশমী। সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ মঙ্গলবার সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
সোমবার সারাদেশের পূজামন্ডপে দেবী দুর্গার মহানবমী পূজা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল সংবাদমাধ্যমকে জানান, এবার সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি স্থায়ী ও অস্থায়ী মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ৩২৪টি বেশি। আর রাজধানী ঢাকায় পূজা অনুষ্ঠিত হচ্ছে ২২৯টি মন্ডপে। গত বছর ২৯ হাজার ৭১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এবার সবচেয়ে বেশি ১ হাজার ৬৮৪টি পুজা মন্ডপ তৈরি হয়েছে চট্টগ্রাম জেলায়। এছাড়া দিনাজপুর জেলায় ১ হাজার ২১৯টি, গোপালগঞ্জে ১ হাজার ১৫৪টি এবং টাঙ্গাইলে ১ হাজার ১৫০টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, এবার ঢাকা বিভাগে ৬ হাজার ৩৯৩টি, বরিশাল বিভাগে ১ হাজার ৬০১টি, রাজশাহীতে ৩ হাজার ৩১৫টি, খুলনায় ৪ হাজার ৬৩২টি, ময়মনসিংহে ১ হাজার ৮৫৪টি, চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৫০টি, রংপুর বিভাগে ৫ হাজার ১০টি, সিলেটে ২ হাজার ৪৪০টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার সকাল ১১ টায় মঙ্গলবার বিজয়া দশমীর বিহিত পূজা এবং সকাল সাড়ে ৯ টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩ টায় ঢাকা মহানগীরর ভক্তবৃন্দ তাদের প্রতিমা নিয়ে পলাশী মোড়ে কেন্দ্রীয় বিজয়া দশমী উপলক্ষে শোভাযাত্রা বের করা হবে বলে মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শ্যামল কুমার রায় জানিয়েছেন।
বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে এ আনুষ্ঠানিকতা শেষ হবে। বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্তলোকে (পৃথিবী) আসছেন। আর দেবী স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটক (ঘোড়ায়) চড়ে। দশমীর দিন মঙ্গলবার পূজা আরম্ভ সকাল ৮ টা ৫২ মিনিটে এবং পূজা সমাপণ ও দর্পণ বিসর্জন সকাল ৯ টা ৪৯ মিনিটে। বিকালে শোভাযাত্রাসহকারে দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেয়া হবে। গত ৭ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন।
বিজয়া দশমী উপলক্ষে আজ মঙ্গলবার সরকারি ছুটির দিন। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো পূজা উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে আজ বিজয়া দশমীর বৃহৎ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে। দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীকে এ শোভা যাত্রাসহ সদরঘাট নৌ-টর্মিনালে নিয়ে যাওয়া হবে। সেখানে বিসর্জনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হবে। দেবী মর্ত্যলোক থেকে আবার স্বর্গলোকে গমন করবেন।
গোপালগঞ্জ থেকে প্রতিনিধি জানায়, গোপালগঞ্জের মন্দিরগুলোতে ত্রি-নয়নী দেবী দুর্গার পূজা আর অঞ্জলী দিয়ে নবমী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলার মন্দিরগুলোতে পুরোহিতের মন্ত্র পাঠে শুরু হয় মহানবমী পূজা। ঢাকের বাজনা, উলুধ্বনি ও আরতীতে মুখরিত হয়ে ওঠে ১ হাজার ১শ’ ৫৪টি পূজা মন্ডপ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দুষ্টের দমনের জন্য দেবী দুর্গার প্রতি আহবান জানান ভক্তরা। পূজা শেষে দর্শনার্থীরা নিজেদের পরিবার-পরিজন নিয়ে জেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন।
প্রতিটি মন্ডপ দর্শনার্থী আর ভক্তদের ভীড়ে মুখোরিত হয়ে ওঠে। পূজা উপলক্ষ্যে জেলার বিভন্ন সড়কে তোরণ নির্মাণ ও আলোক সজ্জা করা হয়। এ পূজা উপলক্ষ্যে প্রতিটি মন্ডপসহ জেলায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নড়াইল থেকে প্রতিনিধি জানান, জেলার ৫৭৫টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ঢাক-ঢোলক-কাঁসর বাজিয়ে কুমারী পূজা, কলাবউ স্নান ও আদরিণী উমার সপরিবারে তিথি বিহিত পূজা করা হয়। এ ছাড়াও সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধুপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা।
নড়াইল শহরের ভওয়াখালী মিতালী সংঘ পূজা মন্ডপে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাংন প্রতিযোগিতা, মহিলাদের শংখধ্বনী প্রতিযোগিতা এবং সকলের জন্য আরতি প্রতিযোগিতা। শহরের কুড়িগ্রাম মুচিরপুল এলাকার পূজা মন্ডপে চলছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।
জেলা পূজা উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক কমলাখী বিশ্বাস বলেন, জেলায় এবছর ৫৭৫টি মন্ডপে শরদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
জয়পুরহাট থেকে প্রতিনিধি জানান, মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এই দুর্গোৎসবের। রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন রোববার বিকালে জয়পুরহাটের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এবার এ জেলায় এবার ২ শ ৬৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে দুর্গোৎসব উদযাপনের জন্য সরকারিভাবে ১শ’ ৩১ দশমিক ৫ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পূজা মন্ডপগুলোতে আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষিবিদ রেবতী মোহন। সোমবার মহানবমী ও আজ মঙ্গলবার দশমী পূজা অনুষ্ঠিত হবে এবং মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এই আবেগ-আনন্দঘন পর্ব শারদীয় দুর্গোৎসব।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ রবিবার রাতে পরিদর্শন, দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস ছামাদ। এ উপলক্ষে রাত সাড়ে আটটার দিকে হরিশংকরপুর ইউনিয়নের শুতুলিয়া মন্দিরে শারদীয়া দুর্গোৎসব উদ্বোধন, সকল ধর্মের দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সদর উপজেলার প্রাক্তন চেয়ারম্যান কনক কান্তি দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস ছামাদ। এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম