Home / জাতীয় / শিক্ষা হলো দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার : প্রধানমন্ত্রী
hasinaboiopenmbd-ok

শিক্ষা হলো দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার : প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩১ ডিসেম্বর ২০১৬ । ১৭ পৌষ ১৪২৩

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল ১ জানুয়ারি (রোববার) সারাদেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আজ শনিবার আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে ২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শনিবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা হলো দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার।

দারিদ্র্যমুক্ত দেশ গড়তে তাঁর সরকার বদ্ধপরিকর বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন ।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নতি একদিনে সব হয়ে যায় না। সে জন্য কার্যক্রম চলমান রয়েছে। আমরা চাই সব ছেলেমেয়ে পরীক্ষা দেবে, এ জন্যই পঞ্চম-অষ্টমের পরীক্ষা ব্যবস্থা। অথচ এই দুই পরীক্ষা নিয়েও অনেকে অনেক কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে পড়াশোনার মান নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের উদ্দেশে বলতে চাই, আগে তারা ভলান্টিয়ার সার্ভিস দিন, তারপর কথা বলুন।

পিইসি-জেএসসির মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি কমছে বলে মত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে করে তাদের মধ্যে সাহস জন্মাচ্ছে। দিন দিন রেজাল্টও ভালো হচ্ছে, পাসের হারও বাড়ছে।

শেখ হাসিনা বলেন, আপনারা জানেন, আমরা সরকার গঠনের পর থেকে একটা জিনিস নির্দিষ্ট করেছি যে- শিক্ষা, এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। আর এই শিক্ষা সকলকেই গ্রহণ করতে হবে। বাংলাদেশকে আমরা নিরক্ষরতামুক্ত বাংলাদেশ হিসেবে গড়তে চাই। এর উদ্দেশ আর কিছু না। বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ব। কিন্তু সেই দারিদ্র্যমুক্তি ঘটবে যদি আমরা এ দেশের মানুষকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি। কারণ, শিক্ষাই হচ্ছে দারিদ্র্যমুক্তির মূল ভিত্তি, যেটা আমি মনে করি। কাজেই সেদিকে লক্ষ্য রেখে আমরা শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছি এবং এই শিক্ষার জন্য আমরা বিভিন্ন কাজ করেছি।

প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন ক্লাস থেকে কিছু ছেলেমেয়ে বেছে, তাদের প্রস্তুত করা হতো বৃত্তির জন্য। তাদের ভালো টিফিন দেয়া হতো, সাধারণ ছাত্র-ছাত্রীরা সেটি পেত না। বৃত্তির জন্য শিক্ষকরা যাদের বাছলেন না, তাদের মধ্যেও তো মেধাবী থাকতে পারে। কেউ বৃত্তি পাবে, বাকিরা বঞ্চিত থাকবে- এই পদ্ধতি ঠিক করতেই পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে পরীক্ষা।

প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সরকার কাজ করে যাচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উপলক্ষে প্রধানমন্ত্রীকে ‘বিশেষ উত্তরীয়’ পরিয়ে দেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম এবং অন্যান্য সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১ জানুয়ারি সকাল সাড়ে ৯ টায় রাজধানীর আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব-২০১৭’ উদ্বোধন করবেন।

সরকারি সূত্র জানায়, অনুষ্ঠানে রাজধানীর ৩১টি বিদ্যালয়ের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী যোগদান করবে।

এর আগে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা সংবাদমাধ্যমকে জানান, সরকার ২০১৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি পাঠ্যপুস্তক বিতরণ করবে।

তিনি জানান, সারাদেশে ৪ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন ইবতেদায়ী, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে এসব বই বিতরণ করা হবে।

এনসিটিবি চেয়ারম্যান বলেন, এই প্রথমবারের মতো শিক্ষকদের জন্য সৃজনশীল প্রশ্নপত্র পদ্ধতি সমাধানের গাইড লাইন প্রকাশ করে তা সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের জন্য ৬০ লাখ ১ হাজার ২৪টি ও মাধ্যমিক শিক্ষকদের জন্য ৪৬ লাখ ৬৬ হাজার ৬৬৪টি গাইড বই তৈরি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০১৬ শিক্ষাবর্ষে ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও কারিগরি শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৭২টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছিল।

এনসিটিবি চেয়ারম্যান জানান, গত ৮ বছরে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও কারিগরি শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণে ৫ লাখ ৬৫ হাজার ৮৮৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

সূত্র : বাসস ও এবিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

11 4 2026 33

২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪ হাজার

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬মাসস দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৬ দিনে হাম ও …

Leave a Reply

Your email address will not be published.