মাস্টারি বিডি ডটকম ।
ভোলা । ২০ জানুয়ারি ২০১৮ । ০৭ মাঘ ১৪২৪
জেলার সদর উপজলা দৌলতখান, চরফ্যাসন ও লালমোহন উপজেলায় ৫টি বদ্ধভূমি সংস্কার ও সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ৩৩ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে এসব বদ্ধভূমির উন্নয়ন চলছে।
বদ্ধভূমিগুলোর চারপাশে সীমানা প্রাচীর, প্রবেশ পথের ফটক, দেয়ালের উপর স্টিলের পাইপ স্থাপন, আলোকসজ্জা, সৌন্দর্যবর্ধনসহ সার্বিক পরিবেশের উন্নয়ন করা হচ্ছে।
ভোলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন জানান, মোট ৫টি বদ্ধভূমির মধ্যে সদর উপজেলায় ৬ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন কাজ শুরু হয়েছে। এছাড়া চরফ্যাসন মুক্তিযোদ্ধা মেমোরিয়াল সাড়ে ৮লাখ টাকা, লালমোহনে শহীদ আব্দুল হামিদ মেমোরিয়াল ও শহীদ আব্দুর রশিদ মেমোরিয়াল ১২ লাখ টাকা এবং দৌলতখানের বাংলাবাজারের বদ্ধভূমির কাজ হবে সারে ৬লাখ টাকা ব্যয়ে।
শাখাওয়াত হোসেন আরো জানান, সবগুলো বদ্ধভূমির উন্নয়ন কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সদরে কাজ এগিয়ে চলছে। অন্যান্য উপজেলায়ও কাজ আরম্ভ করা হবে। ফলে আমাদের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
এদিকে জেলায় বদ্ধভূমি সংস্কার ও উন্নয়নের উদ্যোগ গ্রহণ করায় আনন্দ প্রকাশ করেছে মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তি। তারা বলেছেন, বিগত দিনে বদ্ধভূমিগুলো অযত্নে পড়ে থাকলেও বর্তমানে তা উন্নয়নের কাজ শুরু হওয়ায় শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হলো। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম