Home / জাতীয় / এলসিএস কর্মীদের শ্রমে ঠিকাদারের মুনাফা
411261 25

এলসিএস কর্মীদের শ্রমে ঠিকাদারের মুনাফা

২৩ নভেম্বর ২০২৬ মাসস

মাস শেষে পারিশ্রমিক পান ৯ হাজার টাকা। এর মধ্যে প্রায় ৪ হাজার টাকাই চলে যায় কর্মস্থলে যাতায়াতে। বাকি ৫ হাজার টাকায় সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া আর সংসার চালানোই হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। একটু সচ্ছলতার আশায় সরকারের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে যুক্ত হয়েছিলেন জামালগঞ্জ উপজেলার হতদরিদ্র নারীরা। কিন্তু নিজ এলাকা ছেড়ে দূরের অন্য ইউনিয়নে গিয়ে তাদের করতে হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সড়ক উন্নয়নের কাজ। এমনকি কাজ না থাকলে কর্মকর্তাদের ব্যক্তিগত বাসাবাড়িতেও কাজ করানোর অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

এভাবেই ঠিকাদারের প্রকল্পে খাটানো হচ্ছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দরিদ্র নারীদের কর্মসংস্থান ও গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের জন্য সরকারের এলসিএস (লেবার কন্ট্রাক্টিং সোসাইটি) কর্মসূচির শ্রমিকদের। প্রায় ২ কোটি ৭০ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে জামালগঞ্জ থেকে মান্নানঘাট পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে এই নারী শ্রমিকদের। কাজটি পেয়েছে ‘সারোয়ার জাহান প্রাইভেট লিমিটেড’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের আওতায় সড়কের পাশের ঢালে (স্লোপ) মাটি ভরাটের জন্যই বরাদ্দ রয়েছে প্রায় ১৩ লাখ টাকা। অথচ সেই মাটি ভরাটের কাজ করানো হচ্ছে সরকারি কর্মসূচির আওতায় নিযুক্ত দরিদ্র নারীদের দিয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নে ৯ জন করে মোট ৫৪ জন নারী এলসিএস কর্মসূচির আওতায় নিয়োজিত আছেন। তাদের মূল দায়িত্ব নিজ নিজ ইউনিয়নের গ্রামীণ কাঁচা ও পাকা সড়কের ছোটখাটো মেরামত ও রক্ষণাবেক্ষণ।

অথচ নিজ ইউনিয়নে সড়ক সংস্কারের জরুরি কাজ থাকা সত্ত্বেও তাদের অন্য ইউনিয়নে নিয়ে ঠিকাদারের প্রকল্পে কাজ করানো হচ্ছে। এতে প্রতিদিন যাতায়াতেই তাদের খরচ হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা।

সরেজমিন মান্নানঘাট সড়কে গিয়ে দেখা গেছে, বিভিন্ন স্থানে ৩৫ থেকে ৪০ বছর বয়সী ৪০ থেকে ৫০ জন নারী শ্রমিক মাটি কাটছেন। সড়কের ঢাল থেকে মাটি তুলে সড়কের স্লোপে ফেলছেন তারা। কোথাও কোথাও সড়কের ঢালের মাত্র পাঁচ ফুটের মধ্যে গর্ত করে মাটি তোলা হচ্ছে, যা সড়কের স্থায়িত্বের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। কাজের স্থানে উপস্থিত থেকে তদারকি করছিলেন উপজেলা এলজিইডির কমিউনিটি অর্গানাইজার (সিও) ঝনিক চন্দ্র দাস এবং এলসিএসের সুপারভাইজার মো. কামাল হোসেন।

নাম প্রকাশ না করার শর্তে এক নারী শ্রমিক আক্ষেপ করে বলেন, ‘আমাদের নিজ ইউনিয়নেই কাজের অভাব নেই। অথচ অন্য ইউনিয়নে নিয়ে আসা হয়েছে ঠিকাদারের কাজ করাতে। প্রতিদিন যাতায়াতে অনেক টাকা খরচ হয়। কোনো সপ্তাহে কাজ না থাকলে আমাদের বাসাবাড়ির কাজও করতে হয়। চাকরি হারানোর ভয়ে কিছু বলতে পারি না। প্রতিবাদ করলে সংসারের একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাবে।’

রক্ষণাবেক্ষণ কর্মীদের অন্য প্রকল্পে ব্যস্ত রাখায় জামালগঞ্জের গ্রামীণ সড়কগুলো সংস্কারবিহীন পড়ে আছে। সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাজিম উদ্দিন বলেন, ‘বেহাল সড়কের কারণে রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে প্রতিনিয়ত বাধার মুখে পড়ছেন স্থানীয়রা। যে কর্মসূচির মাধ্যমে এসব সড়ক সচল রাখার কথা, সেই কর্মসূচির শ্রমিকদের দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ করানো হচ্ছে। এতে সরকারি উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন দুর্গম জনপদের বাসিন্দারা।’

এলসিএসের সুপারভাইজার মো. কামাল হোসেন বলেন, ‘আমাদের কাজ হলো ভাঙা রাস্তা মেরামত করে জরুরি ভিত্তিতে মানুষের চলাচলের উপযোগী করা। তবে উপজেলা ইঞ্জিনিয়ার স্যার আমাদের এখানে পাঠিয়েছেন।’

প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সারোয়ার জাহান প্রাইভেট লিমিটেডের পরিচালক নূরে আলম মিল্টন বলেন, ‘ওই নারী শ্রমিকদের আমি কাজে লাগাইনি। প্রাক্কলনে মাটির দর ১৮ টাকা ধরা হলেও আমরা দ্বিগুণ দামে অর্থাৎ ৩৬ টাকা করে ট্রলি দিয়ে মাটি এনে সড়কে ফেলছি। নারী কর্মীদের কাজে লাগিয়েছেন জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, এদের পারিশ্রমিক কে দেবে? জবাবে তিনি জানিয়েছিলেন, এরা অন্য প্রকল্প থেকে বেতন পায়, এখানে কাজ করলে প্রকল্পের কাজ দ্রুত এগোবে।’

দূরবর্তী অন্য ইউনিয়ন থেকে আসা নারীরা এই প্রকল্পে কাজ করতে পারেন কিনা– প্রশ্ন করলে তিনি উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলার অনুরোধ জানান।

উপজেলা এলজিইডির কমিউনিটি অর্গানাইজার (সিও) ঝনিক চন্দ্র দাস অকপটে অনিয়মের কথা স্বীকার করে বলেন, ‘আমি জানি, চলমান প্রজেক্টে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে এলসিএসের লোক দিয়ে করানো ঠিক নয়। তবে উপজেলা ইঞ্জিনিয়ারের নির্দেশে আমাকে কাজ করাতে হচ্ছে।’ সড়কের স্লোপের পাঁচ ফুটের মধ্যে গর্ত করে মাটি কাটার বিষয়ে তিনি বলেন, ‘এতদিন সারা সড়কে এভাবেই করানো হয়েছে, তবে এখন থেকে আর করাব না।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘এলসিএসের লোকজন বসে বসে সরকারের টাকা নিচ্ছে। ১১ মাস বসে থাকে এরা, এ জন্য তাদের কাজে লাগানো হয়েছে। এই কাজে ঠিকাদারের লোকসান হবে। প্রাক্কলন (এস্টিমেট) আগে ধরা হয়েছে, এখন সবকিছুর দাম বেড়েছে– তাই ঠিকাদার কাজ করতে চায় না। জনগণের চলাচলের সড়ক সচল করার জন্যই তাদের কাজে লাগানো হয়েছে।’ ঠিকাদারের কাজ করতে গিয়ে দরিদ্র নারীদের নিজের পকেট থেকে যাতায়াত ভাড়া দিতে হচ্ছে কেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এরা তো বসে বসেই বেতন নেয়। ঠিকাদারকে নাশতা দিতে বলেছি। আর দু-এক দিন করিয়ে এদের এখান থেকে সরিয়ে আনা হবে।’

বাসাবাড়িতে কাজ করানোর অভিযোগ প্রসঙ্গে প্রকৌশলী আনোয়ারুল ইসলাম দাবি করেন, ‘আগের ইঞ্জিনিয়ার ও অফিসের স্টাফরা এমন করতেন– যখন যাকে ইচ্ছা বাসায় ডেকে নিয়ে কাজ করাতেন। এখন এসব হয় না।’ তবে সড়কের স্লোপের কাছাকাছি গর্ত করে মাটি কাটার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। বক্তব্য জানার জন্য জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার কল করলেও ধরেননি।

সূত্র : সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

1919111

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, রায় আন্তর্জাতিক আদালতের

১৯ নভেম্বর ২০২৬ মাসস নয় বছর আগে রাখাইন রাজ্যে সামরিক অভিযান চালিয়ে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর …