মাস্টারি সংবাদ | প্রতিবেদক
সঙ্গীত | ২৪ মার্চ ২০২৪ | ১০ চৈত্র ১৪৩০

গানে গানে শিল্পী নিজের কথা বললেন। জীবনটা সকাল বিকেল/ জীবনটা সন্ধে দুপুর/ জীবনটা ব্যস্ত ভীষণ/ জীবনটা ক্লান্ত নূপুর….। সব প্রাপ্তি শেষে জীবনের উপলব্ধি এমনই।
২৬ মার্চ বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের জন্মদিন। জন্মদিন উপলক্ষে নতুন গান নিয়ে আসলেন প্রিয় এ শিল্পী।
প্রকাশিত হলো তার গাওয়া নতুন গান- ফেরদৌস ওয়াহিদের জীবনের গান ”জীবন গল্প”। গানটি লিখেছেন জনপ্রিয় কবি ও গীতিকার শেখ নজরুল।
জীবন গল্পের সুর করেছেন প্রতিশ্রুতিশীল শিল্পী পিজিত মহাজন। সংগীত পরিচালনায় ছিলেন, নিরীক্ষাধর্মী সংগীত পরিচালক ওয়াহিদ শাহীন। গানটি প্রকাশিত হয়েছে HM Voice (Head Master Voice) ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, গানের কথা ভালো লেগেছে বলেই এটি গেয়েছি। সুরও অসাধারণ হয়েছে। ভিডিওতে রয়েছে যত্নের ছাপ। গানটিতে আমার মতো অনেকেই জীবনের গল্প খুঁজে পাবেন। আশা করছি শ্রোতাদের পছন্দ হবে গানটি।
শেখ নজরুল বলেন, গান কিংবা কবিতা, লেখায় নিজস্বতা রাখাার চেষ্টা করি। এককথায় সবার মতো না। এ গানেও সেই বিষয়টির স্বাদ শ্রোতারা অবশ্যই উপভোগ করতে পারবেন।
পিজিত মহাজন বলেন, ২০২৩ সালের শুরুর দিকে ফেরদৌস ওয়াহিদের জীবনের গান ’জীবন গল্প’ গানটি রেকর্ড করেছি। পরে দৃশ্যধারণও হয়েছে। গানটি প্রকাশের জন্য উপযুক্ত একটি দিন খুঁজছিলাম। ভাবলাম শিল্পীর জন্মদিনে গানটি প্রকাশ করার উপযুক্ত সময়। যেহেতু ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন, স্বাধীনতা দিবস। এদিন দেশের গান প্রকাশিত হবে। আর এ কারণে ২৪ মার্চ এটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই জানেন ফেরদৌস ওয়াহিদ এখন নাগরিক জীবন ছেড়ে গ্রামে বসবাস করছেন। গানের ভিজুয়ালে তার গ্রামীণ জীবন উঠে এসেছে। আশা করছি গান ও ভিডিও সবার মন ভরাবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম