মাস্টারি বিডি ডটকম
নাটোর । ১৯ আগস্ট ২০১৭ । ০৪ ভাদ্র ১৪২৪
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
আজ শনিবার সিংড়া পৌরসভা এলাকার উত্তর দমদমা এবং শেরকোল ইউনিয়নের শিববাড়ী এলাকায় ২৭৮টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল, আধা কেজি করে ডাল ও চিড়া, নগদ ২০০ টাকা এবং খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও দিয়াশলাই বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী পলক ত্রাণ বিতরণকালে বলেন, বন্যাসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বর্তমান সরকারের রয়েছে। বন্যা দুর্গত এলাকায় কোন মানুষ ত্রাণ সহযোগিতার বাইরে থাকবে না। তাদের ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। স্বাভাবিক জীবনযাত্রা শুরু না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে।

সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আহসান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস এসময় উপস্থিত ছিলেন।
শুক্রবার রাতে প্রতিমন্ত্রী চলনবিল এলাকার সাতপুকুরিয়া, আনন্দনগর ও বিলদহরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আহসান সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার পর্যন্ত উপজেলার আংশিক পৌর এলাকাসহ চারটি ইউনিয়নের নিম্ন এলাকা প্লাবিত হয়ে ৬৬৭টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও পানি বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতোমধ্যে সাতটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সিংড়া উপজেলার বন্যা দুর্গতদের সাহায্যার্থে ১০ টন চাল এবং নগদ এক লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। আশ্রয় কেন্দ্রে খাবার সরবরাহ ও বন্যার্তদের সাহায্যার্থে মন্ত্রণালয়ে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে। কন্ট্রোল রুমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুধাংশু কুমার সরকার বলেন, সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামীকাল থেকে অবস্থার উন্নতি হতে পারে। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম