মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ২২ মে ২০১৮ । ৮ জ্যৈষ্ঠ ১৪২৪
ঢালিউড চলচ্চিত্রের বহুল আলোচিত ও জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বহু ছবির সফল এই তারকা শিল্পী নিউ লুকে ফের চলচ্চিত্রে ফিরছেন। নিঃসন্দেহে তাঁর ভক্ত শুভার্থীদের জন্য এ এক সুখের খবর। বিয়ে, সন্তান, বিবাহ-বিচ্ছেদ, অনভিপ্রেত মুটিয়ে যাওয়া ইত্যাদি কারণে তিনি বেশ কিছুদিন অভিনয় থেকে বাইরে ছিলেন।

আজ মঙ্গলবার (২২ মে) থেকে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিংয়ের মধ্য দিয়ে আবার অভিনয়ে ফিরছন অপু বিশ্বাস। প্রায় দুই বছর পরে নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন এই নায়িকা। মাতৃত্বজনিত কারণে অনেক ওজন বেড়েছিল অপুর। ওজন কমিয়ে নিজেকে বদলে এরপর ক্যামেরার সামনে আসছেন তিনি।এফডিসি ও এর আশপাশে টানা তিন দিন শুটিং করবেন অপু।

শুটিংয়ে ফেরা নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘অনেক দিন পরে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছি। এর মধ্যে নিজেকে প্রস্তুত করেছি অভিনয়ের জন্য। এই পর্যায়ে আমি চার দিনের শুটিং করব। ঈদের পর সিনেমাটির বাকি অংশের শুটিং করব। এরই মধ্যে আমি আমার শারীরিক ফিটনেস ৮০ ভাগ নিয়ন্ত্রণে নিয়ে এসছি। এক মাসের মধ্যে বাকি ২০ ভাগ কভার করতে পারব।’

অপু জানান, ঈদের পর আরো নতুন দুটি সিনেমার কাজ শুরু হবে। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চান তিনি। তবে খুব বেশি সিনেমায় কাজ করবেন না, বেছে বেছে ভালো সিনেমায় কাজ করবেন তিনি।’

প্রসঙ্গত, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। দীর্ঘ ১৭ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করছেন। ২০০১ সালে রিয়াজ-শাবনূর জুটি অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পায়। ছবিটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম