Home / জাতীয় / অজয় রায়ের প্রয়াণে বিভিন্ন সংগঠনের শোক : কাল শহীদ মিনারে শ্রদ্ধা
ajayroymbd

অজয় রায়ের প্রয়াণে বিভিন্ন সংগঠনের শোক : কাল শহীদ মিনারে শ্রদ্ধা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ অক্টোবর ২০১৬ । ০৩ কার্তিক ১৪২৩

প্রবীণ রাজনীতিক, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়ের প্রয়াণে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে বলেন, শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় অজয় রায়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিবৃতিতে নেতৃদ্বয় প্রয়াত অজয় রায়ের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা রাজনীতিবিদ অজয় রায়ের মৃত্যুতে নির্মূল কমিটির কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তারা বলেন, অজয় রায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের চলমান আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি হল।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়ের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। এছাড়া অজয় রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন ও সাধারণ সম্পাদক সাব্বাহ্ আলী খান কলিন্স।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পাল এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল কুমার রায় এক যুক্ত বিবৃতিতে প্রগতিশীল রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

অজয় রায় (৮৮) দীর্ঘ ৬ মাস যাবৎ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫ টায় ধানমন্ডির নিজ গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। অজয় রায় এর মরদেহ বারডেম হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে।

১৯ অক্টোবর বুধবার সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ জাতির শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রামে নিজ ভিটায় তাঁকে সমাধিস্থ করা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.