
মাস্টারি বিডি ডটকম
রিয়াদ । ২১ মে ২০১৭ । ০৭ জৈষ্ঠ্য ১৪২৪
সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে ৪ দিনের সরকারি সফরে গত রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদ পৌঁছেন।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার রাত ১১ টা ১৫ মিনিটে কিং খালিদ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

শেখ হাসিনা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সৌদি আরবের শুরা বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন ফযসল আবু সাদ এবং রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে রিয়াদের মোভেনপিক হোটেলে নিয়ে যাওয়া হয়। সৌদি আরব সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

সফরকালে শেখ হাসিনা মক্কায় হারাম শরীফে পবিত্র ওমরা পালন করবেন এবং মদিনায় হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন।
আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সম্মেলন আজ বিকেলে সৌদি রাজধানীতে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ৫৬ আরব ও মুসলিম দেশের নেতারা এই সম্মেলনে যোগ দেন।

‘জয় আমাদেরই হবে’ এই স্লোগান নিয়ে সন্ত্রাসবাদ মোকাবেলাও জঙ্গিদের অর্থায়ন খুুঁজে বের করার বিষয় সম্মেলনে আলোচিত হয়।
শেখ হাসিনা গ্লোবাল সেন্টার ফর কমব্যাটিং এক্সট্রিমিস্ট থট উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন।
তিনি সৌদি বাদশার আমন্ত্রণে ভোজসভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের লক্ষে ২২ মে সকালে বিমানে মদিনার উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করবেন। একই দিন বিকেলে তিনি জেদ্দার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করবেন।
বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হারাম শরীফে পবিত্র ওমরা পালনের জন্য মক্কায় যাবেন।
২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

শেখ হাসিনা সম্মেলনে অনেকগুলো প্রস্তাব উত্থাপন করবেন। সম্মেলনের মূল বিষয় বৈশ্বিক সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠা, সহনশীলতা এবং সহাবস্থানের মূল্যবোধের প্রসার এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের উদ্যোগ জোরদার করা।
সূত্র : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম