মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২১ মে ২০১৭ । ০৭ জৈষ্ঠ্য ১৪২৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তার প্রথম বিদেশ সফরকালে সৌদি আরবের সাথে মোট ৩৫ হাজার কোটি ডলারের কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছেন।
চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবে তার সফরের প্রথম দিনটি ছিল অসাধারণ। কবর এএফপি’র।
স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি অস্ত্র চুক্তি, যাকে হোয়াইট হাউজ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় একক অস্ত্র চুক্তি বলে অভিহিত করেছে।

ডোনাল্ড ট্রাম্প সফরের দ্বিতীয় দিনে আজ ৪০টি মুসলিম দেশের নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
সৌদি আরবে পৌঁছানোর পরই বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তিনি ট্রাম্পের সাথে একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন এবং দিনের বেশিরভাগ সময় তার সাথেই কাটান।
সফরের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে যে ৩৫ হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে, তার মধ্যে রয়েছে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি।
অস্ত্র চুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, এই চুক্তির উদ্দেশ্য হচ্ছে সৌদিরা তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের হুমকি মোকাবেলা করতে পারে।
‘প্রতিরক্ষা সরঞ্জাম ও অন্যান্য সহযোগিতা সৌদি আরব এবং পুরো উপসাগরীয় অঞ্চলকে বিশেষ করে ইরানের বিরূপ প্রভাব এবং সৌদি আরবের সীমান্তের চারিদিকে ইরানের যে হুমকি বিদ্যমান তার মুখে নিরাপত্তা দেবে।’
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে যুক্তরাষ্ট্র ও আরব ইসলামী দেশগুলোর সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বর্ণনা করেন।
ট্রাম্প আজ রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে শান্তিপূর্ণ ইসলামের আশাবাদ বিষয়ে একটি বক্তব্য দেবেন।
নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে বিতর্কিত হয়েছিলেন। ক্ষমতাগ্রহণের পর তিনি সাতটি মুসলিম প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার পর সেটি আদালত আটকে দিয়েছিল।
এই সফরে তার সাথে ফার্স্ট লেডি মেলেনিয় ট্র্রাম্প ছাড়াও তার মেয়ে ইভাঙ্কা, জামাতা জ্যারেড কুশনার এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা রয়েছেন।
সৌদি আরব সফর শেষে ডোনাল্ড ট্রাম্প ইসরাইল, ফিলিস্তিনি এলাকা, ব্রাসেলস, ভ্যাটিকান ও সিসিলি সফর করবেন।
সূত্র : বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম