Home / জাতীয় / সমাজে সত্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যেতে হবে : ঢাবি উপাচার্য
DU+VC+mbd

সমাজে সত্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যেতে হবে : ঢাবি উপাচার্য

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১০ ফেব্রুয়ারি ২০১৭ । ২৮ মাঘ ১৪২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সত্য অনুসন্ধান ও প্রকাশের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদের সত্যকে ধারণ করতে হবে এবং সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ আয়োজিত ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্মারক বক্তৃতা’ অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।
ঢাবি’র বাংলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. বেগম আকতার কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ইউজিসি অধ্যাপক ড. গালিব আহসান খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎকুমার সাহা এবং বিশিষ্ট লেখক আহমদ রফিক স্মারক বক্তৃতা প্রদান করেন।

স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।

উপাচার্য বলেন, প্রথিতযশা পন্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহ নিজেকে শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করে গেছেন। সমকালীন সমাজ নিয়ে তিনি শ্রেণি কক্ষে আলোচনা করতেন।

বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি প্রবন্ধ লিখেছেন এবং জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন। তার আদর্শ অনুসরণের মাধ্যমে নিজেদের পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের স্মৃতির প্রতিও তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন । ১৮৮৫ সালের ১০ জুলাই তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে অধ্যাপক পদে যোগদান করেন। ১৯৬৯ সালের ১৩ জুলাই তিনি প্রয়াত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের পাশে তাকে সমাহিত করা হয়। ভাষার ক্ষেত্রে তার অমর অবদানকে সম্মান ও শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ঢাকা হলের নাম পরিবর্তন করে রাখা হয় শহীদুল্লাহ হল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.