Home / অর্থনীতি / ‘বিনা খরচে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসীরা’
abul+mal+abdul+muhit+minister+mbd

‘বিনা খরচে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসীরা’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৪ মে ২০১৭ । ৩১ বৈশাখ ১৪২৪

দেশে রেমিটেন্স পাঠাতে এখন থেকে প্রবাসীদের আর কোন খরচ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, ‘প্রবাস আয়ের প্রবাহ বাড়াতে আমরা রেমিটেন্স প্রেরণের ওপর কোন চার্জ রাখবো না। কোন পয়সা খরচ ছাড়াই বিদেশে বসবাসরত প্রবাসীরা যেন দেশে রেমিটেন্স পাঠাতে পারেন, আমরা সেই ব্যবস্থা করবো। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।’

শনিবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থনৈতিক সংবাদদাতাদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ বাসস-এর।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধসহ নানা পরিস্থিতির কারণে সেখানকার বাংলাদেশীদের আয় কমে গেছে। এছাড়া প্রবাসীরা যেখানে আছেন,সেখানেও তাদের সঞ্চয়ের একটা অংশ এখন রাখছেন। এসব কারণে সাম্প্রতিক সময়ে প্রবাস আয় কিছুটা কমে গেছে বলে তিনি মন্তব্য করেন।

জমি কেনাবেচায় নির্ধারিত মূল্যপদ্ধতি আর থাকছে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, জমি কেনাবেচায় অপ্রদর্শিত অর্থই কালো টাকার অন্যতম উৎস। পরবর্তীতে এ কালো টাকা তারা বিদেশে পাচার করে। তাই পাচার ঠেকাতে আগামী বাজেটে জমির নির্ধারিত মূল্য পদ্ধতি তুলে দেওয়া হবে।

জমি কেনাবেচায় প্রকৃত বাজারমূল্য প্রতিফলিত না হওয়ায় রেজিস্ট্রেশনের সময় জমির মূল্যের বড় একটি অংশ গোপন করে সংশ্লিষ্টরা কালো টাকার মালিক হচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

আগামী অর্থবছরে বাজেটের আকার ৪ লাখ ৬ হাজার থেকে ৮ হাজার পর্যন্ত হতে পারে বলে তিনি জানান।

কর্মমুখী শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণে আওয়ামী লীগ সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকার শুরু থেকে কারিগরি শিক্ষার প্রতি বিশেষ নজর দিয়েছে। আমরা যখন ক্ষমতা গ্রহণ করি, তখন সারাদেশে বিএমইটির সংখ্যা ছিল মাত্র ৭টি, এখন এর সংখ্যা ৭৩। তবে শিক্ষার মান বাড়ানোর দিকে আরো নজর দেওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন।

মুহিত বলেন, শিক্ষার মান বাড়াতে পাঠাভ্যাস তৈরি হওয়া জরুরী। এজন্য পাঠাগার ব্যবস্থায় ব্যাপক সংস্কার করা দরকার। গ্রামে গ্রামে পাঠাগার তৈরি করতে হবে। এর জন্য সারাদেশে একটি সৃজনশীল আন্দোলন হওয়া দরকার বলে তিনি মনে করেন।

পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানীর অন্তর্ভুক্তির সময় এসেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, একটা সময় পুঁজিবাজার ফটকা বাজারই ছিল। কোনো আইন-কানুন, নিয়ম-নীতি ছিল না। এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। এখন আর ফটকা বাজার নয়, এর ফল আমরা দেখছি। বাজার অনেকটা স্থিতিশীল। এ পরিস্থিতিতে বহুজাতিক কোম্পানিগুলোকে বলতেপারি, তোমরা পুঁজিবাজারে শেয়ার ছাড়ো। যেসব রাষ্ট্রায়াত্ত্ব কোম্পানি এখনও পুঁজিবাজারের অন্তর্ভুক্ত হয়নি- তাদের অন্তর্ভুক্তির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে পারি।

সভায় সাংবাদিকরা মানসম্মত শিক্ষা নিশ্চিত এবং শিক্ষা গবেষনায় বরাদ্দ বাড়ানো, ভূমি খাতের দুর্নীতি রোধ, গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানো, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন, কৃষিতে নায্য মূল্য এবং অর্থপাচার রোধে বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

সভায় ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, মনোয়ার হোসেন, সালাউদ্দিন বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.