ঢাকা, শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬ মাসস
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা। আজ এই লাখো মানুষের সামনে বলে যেতে চাই—১২ তারিখের নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে আমাদের প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। যাতে করে এই এলাকা আবার সবুজ শস্য শ্যামল হয়ে উঠতে পারে।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নীলফামারী হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি কার্ড নিয়ে তিনি বলেন, ‘কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছাতে চাই। এর মাধ্যমে সহজে ঋণ নেওয়া যাবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই। এনজিও থেকে যেসব ক্ষুদ্র ঋণ নেওয়া হয়েছে সেসব সরকারের হয়ে জনগণের পক্ষ থেকে পরিশোধ করতে চাই।’
তারেক রহমান বলেন, ‘এই এলাকা কৃষিনির্ভর। কৃষকদের পাশে যেমন দাঁড়াব তেমনভাবে এই এলাকায় কৃষিনির্ভর শিল্প বিকশিত করব। যাতে কর্মসংস্থান হয়। বহু যুবক আছে যারা বেকার। যুবকদের ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক করতে চাই। আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এই কাজ করতে হলে আপনাদের সহযোগিতা লাগবে।’
জনসভায় তারেক রহমান নীলফামারীর চারটি আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল।
জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনের প্রার্থী সৈয়দ আলী, নীলফামারী-৪ আসনের প্রাথী আব্দুল গফুর সরকার ও নীলফামারী-১ আসনের বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম