Home / এই দিন / চলে গেলেন বরেণ্য ব্যক্তিত্ব মমতাজউদদীন আহমদ
momtazudddin+intelectual+no+more+mbd-2

চলে গেলেন বরেণ্য ব্যক্তিত্ব মমতাজউদদীন আহমদ

মাস্টারি বিডি | শিমুল আহসান
জাতীয় | ঢাকা | ০২ জুন ২০১৯ | ১৯ জ্যৈষ্ঠ ১৪২৬

দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার মমতাজউদদীন আহমদ আর নেই। আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন ৮৪ বছর বয়সী এ গুণী ব্যক্তিত্ব। গত কয়েকদিন ধরেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন মমতাজ উদদীন আহমদ।

রোববার বিকাল ৩ টা ৪৮ মিনিটে চিকিৎসকরা একুশে পদকজয়ী এই নাট্যকারকে মৃত ঘোষণা করেন বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান।

১৯৩৫ সনে ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাবিবপুর থানার আইহো গ্রামে জন্মগ্রহণ করেন মমতাজউদ্দীন।

রাজশাহী সরকারি কলেজে পড়ার সময়ই রাষ্ট্রভাষার আন্দোলনে যুক্ত হন তিনি। রাজশাহীর তৎকালীন ছাত্রনেতা ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর সান্নিধ্যে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দেশের পশ্চিমাঞ্চলে ভাষার দাবিতে আন্দোলন সংগঠনে তিনি ভূমিকা পালন করেন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির রাতে রাজশাহী সরকারি কলেজের মুসলিম হোস্টেলের ইট কাদামাটি দিয়ে যে শহীদ মিনার গড়ে উঠেছিল, তাতে মমতাজউদ্দীনও ভূমিকা রেখেছিলেন। তখন জেল খেটেছেন একাধিকবার।

কর্মজীবনে মমতাজউদ্দীন চট্টগ্রাম সরকারি কলেজ ও পরে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগে অধ্যাপনা করেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন কমিটিতে একজন উচ্চতর বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ছিলেন তিনি।

তার লেখা নাটক ‘কী চাহ শঙ্খচিল’ এবং ‘রাজার অনুস্বারের পালা’ কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকাভুক্ত হয়েছিল।

নাট্যচর্চায় অবদানের জন্য তিনি একুশে পদক পান ১৯৯৭ সালে। এছাড়া বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।

তার রচিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘নাট্যত্রয়ী’, ‘হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার, ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’, ‘জমিদার দর্পণ’, ‘সাত ঘাটের কানাকড়ি’।

তার লেখা গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত’, ‘বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত’, ‘নীলদর্পণ’ (সম্পাদনা), ‘সিরাজউদ্দৌলা’ (সম্পাদনা)।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 7 2026 777

অবশেষে গ্রেড ১ সংস্থা এলজিইডি পেলো গ্রেড ১ সংস্থাপ্রধান

রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ | মাসস ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) …

Leave a Reply

Your email address will not be published.